
ফের মা হলেন লাক্স তারকা ও অভিনেত্রী সামরোজ আজমি আলভী।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ইনোভা আলেকজান্দ্রিয়া হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। আমির হাসিন ও আলভী দম্পতির এটি দ্বিতীয় সন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে আলভী খুশির খবরটি জানিয়েছেন সবাইকে। এ অভিনেত্রী লিখেছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে দ্বিতীয় পরীকে পেয়েছি। কন্যার নাম রেখেছি আজমিরা হাসিন নাহলি, আলহামদুলিল্লাহ। দয়া করে আমার ও বাচ্চার জন্য দোয়া করবেন।
২০১২ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালি আমির হাসানকে বিয়ে করেন অভিনেত্রী আলভী। বিয়ের ছয় বছর পর অর্থাৎ ২০১৮ সালে প্রথম কন্যাসন্তানের মা হন তিনি। তার নাম রাখেন আহেলী। এবার পাঁচ বছরের মাথায় দ্বিতীয় কন্যার বাবা-মা হলেন তারা।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হন আলভী। এরপর টিভি নাটকে নাম লেখান তিনি। ‘অলসপুর’ নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, আলভী অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হলো— ‘তিন গ্যাদা’, ‘পত্র মিতালী’, ‘জামাই মেলা’, ‘গুলশান অ্যাভিনিউ’, ‘টাউট প্লাস’ প্রভৃতি।




