
ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের জাদুতে দেশের গণ্ডি ছাড়িয়ে ওপার বাংলাতেও নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি। এসবই পুরনো কথা। নতুন খবর হলো এবার এই অভিনেত্রী নাম লিখিয়েছেন বলিউডে। অভিনয় করেছেন ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমায়। অনিরুদ্ধ রায় পরিচালিত ‘কড়ক সিং’ নামের সিনেমাটি শুক্রবার (৮ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। এতে সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি, যা নিয়ে নেটমাধ্যমে চলছে চর্চা।
এবারই প্রথম জয়ার সঙ্গে অভিনয় করলেন পঙ্কজ। প্রথম ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে এ অভিনেতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, এই প্রথম আমি এই ধরনের দৃশ্যে অভিনয় করলাম। তবে কোনোরকম প্রস্তুতি নিইনি। পেশাদার অভিনেতা হিসেবে আমি শুধুই নিজের সহ-অভিনেতার স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেছি। কোনোরকম অসুবিধা হয়নি। দৃশ্যটি খুবই নান্দনিকভাবেই শুট করা হয়েছে। সেখানে কথোপকথনও খুব সুন্দর।
তিনি জানান, এর আগে জয়ার সঙ্গে পরিচয় ছিল না পঙ্কজের। এমনকি এ অভিনেত্রীর কোনো সিনেমাও দেখেননি তিনি। তবে তার অভিনয়ের প্রশংসা করতে ভুললেন না।
পঙ্কজের কথায়, জয়ার কোনো ছবি আগে দেখিনি। কিন্তু টোনিদা জয়ার কথা বলার পর আমি ওর কিছু বাংলাদেশি ছবি দেখি। ভীষণ পরিণত অভিনেত্রী। একসঙ্গে কাজ করে খুব ভালো লাগল।
অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব (পঙ্কজ) জানে না তিনি কে, কোথা থেকে কীভাবে হাসপাতালে এসেছেন। পরিচয় সংকটে ভোগা এই ব্যক্তির মেয়ের পরিচয়ে আসেন সানজানা সাংঘি ও প্রেমিকার পরিচয় নিয়ে আসেন জয়া আহসান। আসেন অফিসের বসও। তারা তাকে অতীত নিয়ে প্রশ্ন করতে থাকেন। কিন্তু কাউকেও চিনতে পারেন না তিনি, নাকি না চেনার ভান করেন? তা নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি।
তারকাবহুল এ ছবিতে জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। নভেম্বরে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন বাংলাদেশি অভিনেত্রী।




