
বেশ কিছুদিন ধরেই সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন মডেল, অভিনেত্রী তানজিন তিশা। এর আগে গণমাধ্যমে তিনি বলেছিলেন, সিনেমায় কাজ করার স্বপ্ন নিয়েই নিজেকে তৈরি করছেন। বহুদিনের ইচ্ছে, সিনেমায় অভিষেক যেন খুব ভালোভাবে হয়।
স্বপন আহমেদের পরিচালনায় ‘ভবঘুরে’ সিনেমার মাধ্যমে তিশার বড় পর্দায় অভিষেক হওয়ার কথা। ছবিটিতে তিশার চরিত্রটিও তার মনের মতো ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছবিটিতে কাজ করা হচ্ছে না এই অভিনেত্রীর। ছবিটি থেকে বাদ পড়েছেন তানজিন তিশা।
জানা গেছে, ভিসা না পাওয়ায় ‘ভবঘুরে’ সিনেমার অংশ হতে পারছেন না তিনি। সিনেমার প্রযোজক ও পরিচালককে বাধ্য হয়ে অন্য শিল্পীর কথা ভাবতে হচ্ছে। তিশাকে বাদ দিয়ে পূর্ণিমাকে নিয়ে ছবিটির কাজ করার পরিকল্পনা করা হয়েছে।
তবে শেষ পর্যন্ত শুটিংয়ে পূর্ণিমা যাচ্ছেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আরও দুদিন। আজ মঙ্গলবার ভিসার জন্য মুখোমুখি হবেন পূর্ণিমা।
গল্পের প্রয়োজনে ‘ভবঘুরে’ সিনেমার পুরো শুটিং হবে ফ্রান্স ও সুইজারল্যান্ডে। এরই মধ্যে অন্য শিল্পীদের ভিসা হয়ে গেলেও তিশার ভিসা হয়নি। তাই তিশাকে বাদ দিতে হয়েছে। পরিচালক আগামী ১২ নভেম্বর ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন।
প্যারিসের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘ভবঘুরে’ সিনেমার কাহিনি। সিনেমায় থাকবে পাঁচটি গান। সংগীত পরিচালনা করছেন ইবরার টিপু।

পিআর/আরকে




