
নব্বই এর দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক। এই ছবির মাধ্যমে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’রও চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর দুই যুগের চলচ্চিত্র ক্যারিয়ারে মৌসুমী জনপ্রিয়তা ধরে রেখেছেন সমান তালে। গ্ল্যামারাস চিত্রনায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেছেন মৌসুমী।
নন্দিত এই নায়িকার জন্মদিন তিন নভেম্বর। বৃহস্পতিবার দিনগত রাতে পারিবারিকভাবে তার জন্মদিন উদযাপন করা হয়। মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এ দৃশ্য দেখার সুযোগ করে দেন। ভিডিওতে মৌসুমীর সঙ্গে ছিলেন তার মেয়ে ফাইজা।
মৌসুমী বলেন, এই প্রথম আমি একা কেক কাটলাম। তাই আমি চাই, আমার ভক্তরা আমার সঙ্গে থাকুক। এদিকে যারা মৌসুমীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী।
প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌসুমী। নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এছাড়া নির্মাতা হিসেবেও সাফল্য দেখিয়েছেন তিনি। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’মৌসুমী পরিচালিত প্রথম চলচ্চিত্র। সম্প্রতি তিনি নির্মাণ করছেন `শূন্য হৃদয়’ নামের একটি চলচ্চিত্র।
মৌসুমী অভিনীত সর্বশেষ চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- কিছু আশা কিছু ভালোবাসা (২০১৩), দেবদাস (২০১৩), প্রজাপতি (২০১১), দুই পুরুষ (২০১১), গোলাপী এখন বিলেতে (২০১০)।
পিআর/জেবি




