
আর মাত্র ক’দিন পরেই নতুন বছর। বিদায়ী বছরে শোবিজে বেশ কিছু ঘটনা ব্যাপকভাবে আলোচনার তৈরি করেছে। কাজ কিংবা ব্যক্তিগত জীবনের নানা ঘটনা দিয়ে অনেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন। তার মধ্যে কোনো কোনো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয়েছে। পাশাপাশি অনেকেই ভাইরাল তকমা পেয়েছেন। তারকাদের ঐসব ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন।
জায়েদের পুরস্কার

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ‘ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমাসি রিসার্চ’ থেকে একটি পুরস্কার পান ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। সম্প্রীতি, শান্তি ও নিজ নিজ স্থানে টেকসই উন্নয়ন নিয়ে কাজ করেন- এমন ব্যক্তিদের ‘দ্য হিউম্যানিটেরিয়ান প্লাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করে প্রতিষ্ঠানটি। বিশ্বের ৪০ জন নাগরিকের মধ্যে সে তালিকায় ছিলেন জায়েদ খান নিজেও। তবে বেশ কিছু মিডিয়াতে শিরোনাম হয়, জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন জায়েদ! বিষয়টি নিয়ে শুরু হয় তরজা। নানান আলোচনা শুরু হলে এর সত্যতা যাচাই-বাছাই শুরু করে সমসাময়িক আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করা পোর্টাল ব্লিটজ। বিষয়টি জানতে জাতিসংঘ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন তারা। জানায়, জাতিসংঘ সদর দপ্তরের অডিটোরিয়াম ভাড়া করা হয়েছিল মাত্র।
নারীরা আটকায় জায়েদে
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আসে ‘নারী কিসে আটকায়’। এই ইস্যুতে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে নায়ক জায়েদ খান বলেন, নারী আসলে আটকায় জায়েদ খানে। আর সুন্দরী নারীতে আটকায় জায়েদ খান। টেলিভিশন সাংবাদিক ও ইউটিউবারদের করা প্রশ্নের উত্তরে মুখ খুলে উকিল নোটিশও পেতে হয় তাঁকে। নোটিশে বলা হয়, জায়েদের বক্তব্যে নারীর প্রতি সম্মান ক্ষুণ্ণ এবং নারীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
রাজ রিপার চার না মারতে পারার দুঃখ

সেপ্টেম্বরে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। এ লিগে ঘটে অপ্রীতিকর ঘটনা। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয় তুমুল। নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ নায়িকা রাজ রিপার। কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের তিনি বলেন, যেই ম্যাচ হইছেৃ এটার লাইভ দেখবেন, আমি একটা চার মারছি ওটা চার হইছে, কিন্তু ম্যানেজমেন্ট দেয় নাই। কারণ ম্যানেজমেন্ট চোরকে দিয়ে চামচামি করায়, চোর কিন্তু মোস্তফা কামাল, রায়হান রাফী এরা। ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করতে চায়, কিন্তু পারবে না। রাজ রিপার ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। অনেক কষ্টে এই জায়গায় এসে দাঁড়াইছি। গায়ে কোনো আঘাত করেছে কি-না জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘অফ কোর্স’। তখন চার না দেওয়া রিপার কান্না বেশ ভাইরাল হয়ে যায়।

জায়েদ খান যখন ভাইরালের দাদা
চলতি বছরের সবচেয়ে আলোচিত-সমালোচিত কর্মকাণ্ডের মধ্যে একটি হল জায়েদ খানের আচমকা ডিগবাজি। প্রথমটা অদ্ভুতুড়ে ঠেকলেও জায়েদ খান এখন এটাকে নাচের নিয়মিত মুদ্রায় পরিণত করেছেন। মঞ্চ ছাড়াও মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র প্রচারে অংশ নেওয়ার সময় তাকে আখ্যায়িত করা হয় ভাইরালের দাদা হিসেবে। কবে, কখন ও কীভাবে এই ‘মুদ্রা’ প্রথম মঞ্চায়িত হয়েছিল, তাও জানিয়েছেন জায়েদ। তিনি জানান, একটি অনুষ্ঠানে মঞ্চে নাচতে গিয়ে পরিকল্পনা ছাড়াই ডিগবাজি দিয়ে দেন। আর সেটিই ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই ডিগবাজির প্রসঙ্গে ঘুরেফিরে আলোচনায় এসেছেন জায়েদ খান। এটা হয়ে গেছে তাঁর পারফরম্যান্সের প্রধান অনুষঙ্গ।
লুবাবার কেন্দে দেওয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে ট্রলের শিকার হন শিশুশিল্পী সিমরিন লুবাবা। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটির প্রিমিয়ার দেখে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সে বলে, ‘কেন্দে দিয়েছি’। ব্যস, এতেই অনেকে ট্রল ও রোস্ট করতে শুরু করেন! যা নিয়ে ডিবি কার্যালয় পর্যন্ত যেতে হয়েছে লুবাবা ও তার পরিবারকে।
শিরিন শিলার চুমুকাণ্ড

চিত্রনায়িকা শিরিন শিলা চলতি বছরের মার্চে ঢাকার ধামরাইয়ের একটি গ্রামে শুটিংয়ে যান। হঠাৎ সেখানে হাজির হন এক ভক্ত। অভিনেত্রীর সঙ্গে দেখা করতে চাইলে তিনি প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবেই নেন। কিন্তু উপস্থিত সবাইকে চমকে দিয়ে ওই ভক্ত শিলাকে চুমু খান। অপূর্ব রানা পরিচালিত ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং সেটে এমন কাণ্ড ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে যায়। এরপর অপ্রতিরোধ্য সেই ভক্তকে অভিনেত্রীর পা ধরে ক্ষমা চাইতে হয়। একেই বলে যেমন কর্ম তেমন ফল।




