
সংগীতের জগতের নন্দিত কণ্ঠশিল্পী আগুন। এখনও তার গানে বুঁদ হয়ে আছেন ভক্তরা। যার বেশিরভাগ গানেই ঠোঁট মিলিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তবে দীর্ঘদিন ধরেই গান থেকে দূরে রয়েছেন এই গায়ক। এবার শ্রোতা দর্শকদের সুখবর দিলেন আগুন।
দীর্ঘ বিরতি ভেঙে দেশের গান দিয়ে ফিরছেন জনপ্রিয় এই গায়ক। ‘বাংলাদেশ’ শিরোনামের গানটি লিখেছেন সারওয়ার হাবিব। আর গানটির সুর করেছেন নতুন প্রজন্মের সংগীত পরিচালক ও সুরকার রুমন হায়াত।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে গানটির প্রসঙ্গে বলেন, একটু ভিন্ন ধাঁচের কথায় এবারের গানটি সাজানো হয়েছে। আমি আশা করছি দেশপ্রেমের অসাধারণ কথার এ গানটি যে কারও হৃদয় ছুঁয়ে যাবে।
নন্দিত এই গায়ক আরও বলেন, যেসব প্রবাসী ভাই-বোনেরা অনেক কষ্ট দেশের বাইরে কাজ করছেন তারা দেশের কথা ভীষণভাবে অনুভব করবেন।
গানটির সুরকার সংগীত পরিচালক রুমন বলেন, আগুন ভাইয়ের মতো এদেশের খ্যাতিমান শিল্পীর জন্য আমি একটি গান করতে পেরে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। আমি ব্যক্তিগতভাবে তার মায়াবী কণ্ঠের ফ্যান।
তিনি আরও বলেন, সারওয়ার হাবিব ভাইয়ের লেখা গানটি হাতে পাওয়ার পরই ভীষণ ভালো লাগে। কেননা গানটিতে প্রবাসী ভাই-বোনদের কথা ফুটে উঠেছে। দেশের প্রতি প্রবাসীদের যে অনুভূতি সেটা সুনিপুণভাবে প্রকাশিত হয়েছে এ গানটিতে। গানটি করার সময় এ বিষয়টি মাথায় রেখে দীর্ঘ একমাস ধরে সংগীতায়োজনের কাজ করেছি আমি।
রুমন আরও বলেন, সম্পূর্ণ দেশীয় ঘরানায় আমি গানটি করেছি। আর আগুন ভাই বরাবরের মতো অসাধারণ গেয়েছেন। গানটি লিসটুলেট নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।




