
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। সিনেমার পাশাপাশি প্রায়ই উপস্থপনায় দেখা যায় তাকে। সেই তালিকায় আছে কেবিসি। ২৯ ডিসেম্বর শেষবারের মতো টিভির পর্দায় সম্প্রচারিত হলো কেবিসি সিজন ১৫। আর এই সিজনেই ভেজা চোখে শেষ বিদায় নিলেন অমিতাভ বচ্চন।
কেবিসি সিজন ১৫ অ্যাপিসোডের শেষে ইমোশন্যাল হয়ে যান অমিতাভ। তাকে বলতে শোনা গেল, দেবীও অউর সজ্জনো, এবার আমি আসছি। কাল থেকে এই মঞ্চ আর সাজবে না…।
ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে সিজনের পুরোনো ঝলক। দর্শকাসনে বসা এক মহিলা বলেন, আমরা ভগবানকে দেখিনি, তবে ভগবানের সবচেয়ে প্রিয় পাত্রকে চোখের সামনে দেখছি।’ অমিতাভ ফের শুরু করেন, ‘কাল থেকে এখানে আসব না, আপনজনদের এ কথা বলার না তো হিম্মত আছে, না ইচ্ছে। আমি, অমিতাভ বচ্চন এই মঞ্চ থেকে এইবারের মতো শেষ দফায় বলছি শুভ রাত্রি।
কৌন বনেগা ক্রোড়পতির শেষ অ্যাপিসোডে অমিতাভের মুখোমুখি হয়েছিলেন শর্মিলা ঠাকুর, বিদ্যা বালান, শীতল দেবী, সারা আলি খানরা। শো-তে বিদ্যা জানান, মেগাস্টার অমিতাভ তার মেয়ে বেলাকে কীভাবে প্রভাবিত করেছেন। অন্যদিকে জয়া-অমিতাভকে নিয়ে নিজের অজস্র স্মৃতি ভাগ করে নেন শর্মিলা।
গত ২০ সপ্তাহ ধরে নিয়মিত টিভির পর্দায় অমিতাভের এই কুইজ শো দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিল দর্শক। সেই অভ্যাসে ছেদ পড়ল অবশেষে। ২৩ বছর ধরে এই রিয়ালিটি শো-এর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত শাহেনশা। ১৫টি সিজনের মধ্যে ১৪টি সিজন হোস্ট করেছেন অমিতাভ। একবার তার আসন দখল করেছিলেন শাহরুখ খান। তবে প্রিয় কিং খানকেও অমিতাভের জায়গায় গ্রহণ করেনি জনতা।
প্রসঙ্গত, ১৫ নম্বর সিজনে নতুন চমক ছিল ‘সুপার সিন্দুক’। ৩লক্ষ ২০ হাজার টাকা জেতবার পর এই রাউন্ড খেলার সুযোগ পেত প্রতিযোগী। র্যাপিড ফায়ার এই রাউন্ডে ১ লাখ টাকা জয়ের সুযোগ থাকত। অন্যদিকে ৫০.৫০ লাইফলাইনের জায়গা নিয়েছিল ডবল ডিপ।




