
ভারতের পশ্চিমবঙ্গের নাট্যজন ও রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আড্ডায় মেতেছিলেন বাংলাদেশের সংস্কৃতিকর্মীরা। গতকাল (সোমবার) বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে প্রাণবন্ত এই আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এছাড়া রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, ড. ইনামুল হকসহ ঢাকার বিভিন্ন নাট্যদলের সদস্য ও সংস্কৃতিকর্মীরা অংশ নিয়েছেন অন্তরঙ্গ আলাপে।
ব্রাত্য বসু বাংলাদেশে এসেছেন রাজশাহীতে অনুষ্ঠিত ঋত্বিক ঘটক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। একদিনের জন্য এসেছেন ঢাকায়। তার এই ঢাকা সফরে অন্তরঙ্গ আড্ডার আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশন।
ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের গুণী নাট্যব্যক্তিত্ব। মন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি নাটকের মানুষ হিসেবে ভারত-বাংলাদেশে পরিচিতি অর্জন করেন। ব্রাত্য বসুর লেখা নাটক বিভিন্ন সময় বাংলাদেশে মঞ্চস্থ হয়েছে।
বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ব্রাত্য বসু বসেছিলেন পাশাপাশি। অন্তরঙ্গ এই আড্ডায় ব্রাত্য বসু বলেন, ‘থিয়েটার হচ্ছে আমাদের বেঁচে থাকার মাধ্যম। আমাদের কাজ দিয়েই আমাদের পরিচয়। প্রকৃতপক্ষে একজন শিল্পীর প্রকৃত জন্মদিন তার মৃত্যুর পর। সমকালে তাকে নিয়ে যে মূল্যায়ন চলে তাতে অনেক রং মিশে থাকে।
আড্ডার কোনো নির্দিষ্ট বিষয় ছিল না। ‘অন্তরঙ্গ আলাপ’ আড্ডার মতো করেই জমে উঠেছিল। বাংলাদেশের সংস্কৃতিকর্মীদের সঙ্গে ব্রাত্য বসু পশ্চিমবঙ্গের নাট্যচর্চার নানা বিষয় শেয়ার করেন।

পিআর/এমকে




