
দীর্ঘ একযুগ পর আবারো মঞ্চে আসছে সাড়া জাগানো নাটক ‘নিত্যপুরাণ’। এই নাটকের প্রধান চরিত্র ‘একলব্য’ হয়ে অভিনয় করতেন অকাল প্রয়াত দিলীপ চক্রবর্তী। মূলত তার অনুপস্থিতির কারণেই বেশ কয়েক বছর নাটকটি মঞ্চায়ন করা সম্ভব হয়নি।
এবার নতুনভাবে নাটকটি মঞ্চে নিয়ে আসছে ‘দেশ নাটক’। এই নাটকের দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন বন্যা মির্জা। ‘একলব্য’ চরিত্রে দেখা যাবে নতুন একজন অভিনেতাকে। আগামী ১০ ও ১১ নভেম্বর (শুক্র ও শনি) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চায়িত হবে।
নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। তিনি বলেন, এই নাটকের মাধ্যমে অভিনেতা দিলীপ চক্রবর্তী সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এখনো দিলীপের অভিনয় সবার মুখে মুখে। মূলত দিলীপ চক্রবর্তীর অকাল প্রয়াণের জন্যই এই নাটকটি দীর্ঘদিন মঞ্চায়ন করতে পারিনি।
নাটকটি নিয়ে এরই মাঝে নাট্যাঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কেউ কেউ অগ্রিম টিকিট কিনে নিচ্ছেন। মাসুম রেজা বলেন, এই প্রজন্মের অনেকেই নিত্যপুরাণ দেখতে পারেননি। ফলে নতুন প্রজন্মের মাঝে নাটকটিকে ঘিরে আগ্রহ রয়েছে। অনেকেই অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করছেন।
২০০১ সালের ১৪ জানুয়ারি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে নিত্যপুরাণ নাটকের প্রথম প্রদর্শনী হয়। ২০১২ সালে প্রয়াত হন অভিনেতা দিলীপ চক্রবর্তী। নাটকটি সবশেষ ২০০৫ সালে মঞ্চায়িত হয়।
পিআর/এম




