
প্রখ্যাত সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীকে উৎসর্গ করা হবে নির্মিতব্য চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। প্রসূন রহমান পরিচালিত এই ছবিটির যাত্রা শুরু হয়েছিল সদ্য প্রয়াত বারী সিদ্দিকীর কণ্ঠে একটি গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে।
‘একদিন আমারও ছিলো রে ঘর, আমার ছিল ঘর/ নদীর স্রোতে ভাইঙ্গা নিলো ভাঙ্গিল অন্তর...’ এমন কথার গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ।
পরিচালক প্রসূন রহমান বলেন, ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল শ্রদ্ধেয় বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে। একজন প্রান্তিক কৃষকের সব হারানোর বেদনাকে ধরে রাখবার চেষ্টা ছিল সেই গানে। বারী ভাই সে গানে উপস্থিত আছেন স্বপ্রাণে, স্বমহিমায়।
তিনি আরো বলেন, ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের শেষভাগের কাজ এখনো বাকী রয়েছে। হয়তো আগামী এপ্রিল নাগাদ আলোর মুখ দেখতে পারে ছবিটি। প্রান্তিক মানুষের নগরকেন্দ্রিক স্বপ্নকে ঘিরে এই ছবি নির্মিত হচ্ছে। এটি উৎসর্গ করা হবে বারী সিদ্দিকীর স্মৃতির উদ্দেশ্যে।
প্রসূন রহমান এর আগে ‘সুতপার ঠিকানা’ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। এবার নির্মাণ করছেন ‘ঢাকা ড্রিম’। ২০১৬ সালে শুরু হওয়া এ চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালের জানুয়ারিতে। সবকিছু ঠিক থাকলে এপ্রিলে মুক্তি পাবে ‘ঢাকা ড্রিম’।
বরেণ্য লোক গানের শিল্পী বারী সিদ্দিকী গত ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) দিনগত রাত আড়াইটায় পৃথিবীর মায়া ত্যাগ করে অন্যলোকে পাড়ি জমান। গতকাল (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে নেত্রকোনার বাউল বাড়িতে সমাহিত করা হয়।
পিআর




