‘আরিফিন শুভ আমার প্রথম পছন্দ’

পাভেল রহমান

রোববার, ০৩ ডিসেম্বর ২০১৭ , ০৪:০০ পিএম


‘আরিফিন শুভ আমার প্রথম পছন্দ’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে আলোচিত হন জান্নাতুল সুমাইয়া হিমি। এই মডেল এখন মিউজিক ভিডিও, টিভি নাটক এবং একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

গেলো ৩০ নভেম্বর ইউটিউবে প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী শহীদের নতুন গানের ভিডিও ‘দুরত্ব’। এতে মডেল হয়েছেন অন্তু করিম ও হিমি।  

এছাড়া সম্প্রতি হিমি অভিনীত একটি খন্ড নাটক প্রচার হয়েছে বিটিভিতে। নতুন ধারাবাহিক নাটকে কাজ করছেন। একাধিক বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন হিমি। গল্প পছন্দ হলে সিনেমায় অভিনয় করতে চান বলে আরটিভি অনলাইনকে জানান এই মডেল।

হিমি বলেন, সিনেমায় অভিনয় করার স্বপ্ন তো আছেই। একাধিক নির্মাতা যোগাযোগ করেছেন। তবে কারো সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়নি। আমি আসলে অপেক্ষা করছি ভালো কোনো সিনেমায় অভিনয়ের জন্য। এখন তো ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে। পছন্দ মতো গল্পের সিনেমায় অভিনয়ের সুযোগ পেলে নিশ্চয় করব।

সাম্প্রতিক সময়ের নায়কদের মাঝে হিমির পছন্দ আরিফিন শুভ। এই মডেল বলেন, শুভ ভাইয়ের মাঝে হিরো ব্যাপারটা আছে। সিনেমার নায়ক যেমন হওয়া উচিত শুভ ভাই তেমনটাই। এছাড়া অনেকেই ভালো কাজ করছেন। তবে সবার মাঝে নায়ক হিসেবে আরিফিন শুভ আমার প্রথম পছন্দ।

হিমি আরো বলেন, আরিফিন শুভর সঙ্গে কাজ করতে পারলে দারুণ হবে। এছাড়া অন্যদের সঙ্গেও কাজ করব। তবে সিনেমার গল্প-ভাবনা আমার পছন্দ হতে হবে।   

আগামী দু-এক মাসের মধ্যে সিনেমায় ব্যস্ত হবার সম্ভাবনা নেই বলে জানান হিমি। তিনি বলেন, ‘এখন তো একটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছি। তাদের একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছি। বিভিন্ন প্রচারণায়ও অংশ নিচ্ছি। সব মিলিয়ে ভালো ব্যস্ততায় দিন কাটছে।

পিআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission