
বলিউড অভিনেতা অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেতা। দুষ্কৃতকারীরা তার অফিসের নাজেহাল অবস্থা করেছে। সেটা ভিডিও করে এক্সে পোস্ট করেছেন অনুপম।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে দুই চোর দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুক তুলে নিয়ে গেছে। পাশাপাশি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের নির্মিত একটি সিনেমার নেগেটিভও নিয়ে গেছে, যেগুলো একটা বাক্সে ছিল। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।
অনুপম খের আরও লেখেন, পুলিশ আসার আগে অফিসের লোকজন ভিডিওটি করেছে। ঈশ্বর ওদের সুবুদ্ধি দিন।
ওই ভিডিওতে দেখা যায়, অভিনেতার অফিসের দরজার দুটি তালাই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুজন চোরকে সিন্দুকসহ অন্য সামগ্রী নিয়ে অটোয় উঠতে দেখা গেছে।
প্রসঙ্গত, সামনে কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে অনুপম খেরকে। পাশাপাশি ‘তন্বী দ্য গ্রেট’-এর হাত ধরে আবারও পরিচালনায় কামব্যাক করছেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রায় ২০ বছর পর নির্মাণে ফিরছেন অনুপম।




