বলিউডে ফিরছেন আদনান সামি

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ০৬:৫৯ পিএম


আদনান সামি
আদনান সামি

উপমহাদেশের জনপ্রিয় গায়ক আদনান সামি। অসংখ্য গানে দর্শকশ্রোতা মাতিয়েছেন এই গায়ক। নব্বই দশকের ক্যাসেট, ভিসিআরের যুগে হরহামেশাই বাজতো তার গান। ২০১০ সালে এসে গানের জগতে নিজের অস্তিত্ব হারাতে থাকেন তিনি। একরকম লাপাত্তা হয়ে যান সামি। 

এরপর কেটে গেছে অনেকটা সময়। মাঝে সামির শারীরিক গড়ন নিয়েও শুরু হয় চর্চা। হঠাৎ স্লিম ফিগার লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দেন সামি। তা নিয়ে নেটিজেনরা আলোচনা করলেও অনেকের আগ্রহ ছিল তিনি গানে ফিরবেন কবে?

এবার জানা গেল, দীর্ঘ ৯ বছর বিরতির পর হিন্দি সিনেমার প্লেব্যাকে ফিরছেন সামি। কাজ করবেন ‘কাসুর’ এবং ‘ভিকি অউর বিদ্যা কা ওয়ালা’ নামে দুটি সিনেমায়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভক্তদের উদ্দেশে এই সুখবর দিলেন সামি। গায়ক বলেন, আমার সময়ের দরকার ছিল। তাই বিশ্রামে ছিলাম। কোনো প্লানও ছিল না, হিসেবও ছিল না। আমার নিজের একটু সময় দরকার ছিল পুনরুজ্জীবিত করে তোলার জন্য, নতুন গানের জন্য নিজেকে তৈরি করব বলে। যা নতুন গান আসবে সেটাকে গ্রহণ করার জন্য তৈরি হবো বলে সময় নিতাম। কিন্তু ভাবিনি এতটা সময় লেগে যাবে। 

সামি আরও বলেন, আসলে সময় বড্ড দ্রুত কেটে যায়। আমার তো আজও মনে হয়, এই তো সেদিন বজরঙ্গী ভাইজান হলো আর তাতে আমি ভর দো ঝোলি গাইলাম। আমি আমার নতুন গানগুলো নিয়ে দারুণ উচ্ছ্বসিত।

তিনি বলেন, আমি এখন কাজের জন্য একেবারে প্রস্তুত। বিশ্ব জুড়ে নানা জায়গায় আমি এখন কনসার্ট করে বেড়াচ্ছি। আবার রেকর্ডিং ফেজে ফিরেছি। স্বাধীনভাবে কিছু গান বানাচ্ছি, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

তবে কিছুটা অলস হয়ে গেছেন বলে জানান সামি। তার এই ৩৫ বছরের ক্যারিয়ারে বিভিন্ন ধরনের গান গেয়েছেন সামি। গায়কের কাছে গান শুধু ব্যবসা নয়, ভালো লাগা বা ইমোশনাল একটা জায়গা। 

আরটিভি/এইচএসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission