
ভারতের নয়া দিল্লির তাজ হোটেলের ডিপ্লোম্যাটিক এনক্লেভ দরবার হলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিবাহোত্তর সংবর্ধনা। স্থানীয় সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠানে আসেন নবদম্পতি।
এদিন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা সিল্কের শেরওয়ানি পরেছিলেন বিরাট কোহলি। তাতে ১৮ ক্যারেটের সোনার বোতাম ছিল। সঙ্গে মানানসই সিল্কের ব্রোকেড চুড়িদার। কাঁধে স্টাইল করে রাখা পশমিনা শাল।
পাঞ্জাবের মেয়ে আনুশকা শর্মা সেজেছিলেন বাঙালি কনের বেশে। পরেছেন লাল রঙের বেনারসি। শাড়ির ডিজাইন করেছেন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানে ছিলেন আনুশকার বাবা অবসরপ্রাপ্ত কর্নেল অজয় শর্মা, মা অসীমা ও ভাই কর্ণেশ। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন কপিল দেব, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, সুরেশ রায়না ও আশীষ নেহরা।
এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, অ্যাক্টিং বিসিসিআই প্রেসিডেন্ট সি কে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরাও উপস্থিত ছিলেন।
আগামী ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বলিউড ও ক্রিকেট জগতের মানুষকে নিয়ে আরেকটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিরাটের পক্ষ থেকে এ অনুষ্ঠানের কার্ড সবার আগে পাঠানো হয়েছে ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের বাসায়, আর আনুশকা প্রথম কার্ডটি পাঠিয়েছেন শাহরুখ খানকে।

গত ১১ ডিসেম্বর সকালে ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা।
পিআর/এম




