
তিনি একজন গানওয়ালা। রক-পপের উত্তাল তরঙ্গে হাজার হাজার তরুণ-তরুণীর মন জয় করেছেন। এবার রাজধানী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের নির্বাচনে একটি দল থেকে মনোনয়ন পেয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবে কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার আসন্ন ডিএনসিসি নির্বাচনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত মেয়র প্রার্থী হিসেবে দলের উচ্চ পরিষদ সদস্য শাফিন আহমেদের নাম ঘোষণা করে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।
স্বভাবতই এখন প্রশ্ন উঠেছে সুরের লহড়ি দিয়ে তিনি যেভাবে মানুষের মন জয় করেছেন, ঠিক সেইভাবে কি পারবেন রাজনীতির চোরাবালিতে মহীরুহের মতো দাঁড়াতে?
মেয়র পদে মনোনয়ন পাওয়ার পরপরই তার সঙ্গে কথা হয় আরটিভি অনলাইনের। এসময় তিনি জানান, গানওয়ালা শাফিনকে যেমন মানুষ ভালোবাসা দিয়ে তাদের নিজের করে নিয়েছেন, ঠিক তেমনি রাজনীতির শাফিন এর পাশেও থাকবে তার ভক্ত-শ্রোতারা। তবে রাজনীতি তার গানের জায়গাটিকে নষ্ট করে ফেলবে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি আরটিভি অনলাইনকে বলেন, ‘আমি গানের মানুষ। গানের সঙ্গে যুক্ত সেই ছোটবেলা থেকে। রাজনীতির জন্য আমার গানের জায়গা আশা করি নষ্ট হবে না।’
মেয়র পদে নির্বাচিত হওয়ার বিষয়েও আশাবাদী এই প্রখ্যাত বেজ গিটারিস্ট। তিনি মনে করেন তার গান যারা ভালোবাসেন, তারা তার পাশে থাকবেন।
তিনি বলেন, আমার গান যারা ভালোবাসেন। আমাকে যারা পছন্দ করেন আমার বিশ্বাস তারা মেয়র নির্বাচনের সময়ও আমার পাশে থাকবেন। আমার ভক্তরাই আমার মূল শক্তি। আমি তাদের ওপর ভরসা করেই এই পথে নেমেছি।
সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনকে তিলোত্তমা করে তোলার জন্য একটি সুপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। অনেকক্ষেত্রে সফলতাও অর্জন করেছেন। নগরবাসীর কাছে তিনি একজন সাহসী ও সৎ মেয়র হিসেবেও গ্রহণযোগ্য ছিলেন।
এই অবস্থায় নগর নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে সাফিন আহমেদ বলেন, সবেমাত্র মনোনয়ন ঘোষণা করা হলো। কয়েকদিনের মধ্যেই আমি আমার পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে নগরবাসীকে জানাব।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন দেয়ার জন্য নিজ দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং দলের প্রধান ববি হাজ্জাজের প্রতি কৃতজ্ঞতা জানান সাফিন।
তিনি বলেন, আমাকে মনোনয়ন দেয়ার জন্য আামার দল ও দলের প্রধান ববি হাজ্জাজের প্রতি কৃতজ্ঞ। দল আমার প্রতি যে আস্থা রেখেছে, সেই আস্থা পূরণের জন্য আমি কাজ করে যাব।
এসময় হাজ্জাজ সাংবাদিকদের জানান, আসন্ন উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে এনডিএম প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আমরা বিশ্বাস করি একমাত্র নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পালাবদল এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটা সম্ভব। যেহেতু এই উপ-নির্বাচনের পরই আমরা নিবন্ধন সার্টিফিকেট পাবো, এজন্য এখন আমরা আমাদের সমর্থিত প্রার্থী হিসেবে শাফিন আহমেদের নাম ঘোষণা করছি। স্বপ্নের ঢাকা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে তিনি ঢাকাবাসীর কাছে যাবেন এবং আমরা আশা করছি সচেতন ঢাকাবাসী এবং তরুণ প্রজন্ম তাকে ভোট দেবেন।
প্রসঙ্গত, উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক কমল দাশগুপ্ত এবং নজরুল সংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের ছোট ছেলে শাফিন আহমেদ। লন্ডন থেকে পড়াশোনা শেষ করে আশির দশকের শুরুর দিকে নাম লেখান মাইলস ব্যান্ডের সঙ্গে। তার কণ্ঠে ‘ধিকিধিকি আগুন জ্বলে’, ‘আজ জন্মদিন তোমার’ ইত্যাদি গানগুলো কালজয়ী হয়ে আছে।
জেবি/পি




