
জমকালো আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৭।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতেই ছিল রেড কার্পেটে তারকাদের সাক্ষাৎকার। মূলমঞ্চের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান।
এসময় তিনি বলেন, যাদের নিয়ে আমাদের আয়োজন, আমাদের তারকারা এবং এই অনুষ্ঠানে যারা আছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ।
যারা আমাদের পৃষ্ঠপোষকতা করছেন তাদের কাছে কৃতজ্ঞতা। সারাবছর যারা আমাদের সহযোগিতা করেন, ক্যাবল অপারেটর, শিল্পী, স্পন্সর সবাইকে আমাদের সঙ্গে, আরটিভির সঙ্গে থাকার জন্য আহবান জানাই। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শিল্পী-কলাকুশলীদের সম্মান জানাই। যারা এ বছর এই অ্যাওয়ার্ড পাচ্ছেন না তারা নিশ্চয় ভালো কাজের মধ্য দিয়ে আগামী বছর এই অ্যাওয়ার্ড পাবেন।
শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। তিনি বলেন, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আরটিভি অনুষ্ঠান প্রচার করে আসছে। আমরা বিশ্বাস করি, সংস্কৃতি আমাদের জাতি-দেশকে তুলে ধরে। সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায় আমাদের শিল্পীরা। শিল্পীদের সম্মান জানাতে এই অনুষ্ঠান আয়োজন করছে আরটিভি।
এরপর নৃত্য পরিবেশন করেন নন্দিত নৃত্যশিল্পী, মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। এই নৃত্য পরিবেশনার কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন।
তারপরই ভাষা ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ক্যাটাগরিতে পদক তুলে দেয়া হয়। এবছর এই পদক পান শ্রেষ্ঠ অভিনেতা : আফরান নিশো, শ্রেষ্ঠ অভিনেত্রী : তারিন জাহান
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) : আল মামুন ও জিয়াউল হাসান কিসলু, শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) : ডলি জহুর, শ্রেষ্ঠ রচয়িতা : শ্রাবণী ফেরদৌস, শ্রেষ্ঠ পরিচালক : শ্রাবণী ফেরদৌস ও শুভ্র খান।
এরপরই আজীবন সম্মাননা জানানো হয় বরেণ্য সঙ্গীতকার আলম খানকে। এসময় আলম খানের বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। পদক গ্রহণ করে আলম খান বলেন, 'সাধারণত আজীবন সম্মাননা পদক আগে দেয়া হয়। কিন্তু আজকে মুক্তিযুদ্ধ ক্যাটাগরির পদক আগে দেয়া হয়েছে। এটা ভীষণ ভালো লেগেছে আমার। মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে স্মরণীয় হয়ে থাকার জন্য। আজকের দিনটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।'
এরপর দলীয় নৃত্যে অংশ নেন এ প্রজন্মের জনপ্রিয় তারকা সজল, বিদ্যা সিনহা মিম ও ঈগল ড্যান্স গ্রুপ। কোরিওগ্রাফি করেছেন তানজিল। তাদের নাচে মুগ্ধ হন দর্শক।
এরপর এক ঘন্টার নাটক ও টেলিফিল্ম বিভাগে পদক তুলে দেয়া হয়। এ বছর পদক পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা : মোশাররফ করিম ও সিয়াম, শ্রেষ্ঠ অভিনেত্রী : অপর্ণা ঘোষ, শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) : ফজলুর রহমান বাবু, শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) : রুনা খান, শ্রেষ্ঠ শিশুশিল্পী : আফরিন শিখা রাইসা, শ্রেষ্ঠ রচয়িতা : তাবারক হোসেন ও মেজবাহ উদ্দিন সুমন, শ্রেষ্ঠ পরিচালক : গোলাম সোহরাব দোদুল।
এরপর গান পরিবেশন করেন আঁখি আলমগীর। তার সঙ্গে ছিলেন ঈগল ড্যান্স গ্রুপ। কোরিওগ্রাফিতে ছিলেন তানজিল। তারপর কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করে নাদিয়া।
এই নৃত্য পরিবেশনার পর প্রদান করা হয় সঙ্গীত বিভাগে আরটিভি স্টার অ্যাওয়ার্ড। এবছর পদক পেয়েছেন পপুলার চয়েজ বেস্ট সিঙ্গার (ফিমেল) : ঝিলিক, পপুলার চয়েজ বেস্ট সিঙ্গার (মেল) : সাব্বির জামান, বেস্ট সিনিয়ার সিঙ্গার (ফিমেল) : চম্পা বণিক, বেস্ট সিনিয়ার সিঙ্গার (মেল) : মামুন জাহিদ, বেস্ট ব্যান্ড : ডিফারেন্ট টাচ।
তারপরই মঞ্চে আসেন জনপ্রিয় জুটি আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। তাদের সঙ্গে ছিলেন ঈগল ড্যান্স গ্রুপ। কোরিওগ্রাফি করেছেন তানজিল। এসময় নাচের পাশাপাশি গানও গেয়ে শোনান শুভ-ফারিয়া জুটি।
এরপর ধারাবাহিক নাটক বিভাগে পদক প্রদান করা হয়। এবছর এই ক্যাটাগরিতে পদক পান শ্রেষ্ঠ অভিনেতা (কেন্দ্রীয় চরিত্র) : চঞ্চল চৌধুরী ও আনিসুর রহমান মিলন, শ্রেষ্ঠ অভিনেত্রী (কেন্দ্রীয় চরিত্র) : জাকিয়া বারী মম, শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) : খাইরুল আলম সবুজ, শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) : ওয়াহিদা মল্লিক জলি, শ্রেষ্ঠ শিশুশিল্পী : শরিফুল, শ্রেষ্ঠ রচয়িতা : সাগর জাহান, শ্রেষ্ঠ পরিচালক : সাগর জাহান।
পুরো আয়োজন উপস্থাপনা করেন জাহিদ হাসান, রিচি সোলায়মান, ফারিহা শাহরিন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে আরটিভি।
পিআর




