
বিয়ে করলেন দেশের টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় অভিনেতা কল্যাণ কোরাইয়া। পাত্রীর নাম গ্রেস ভায়োলেট ডি’কস্তা। রাজধানীর তেজগাঁও’র গির্জায় আজ বুধবার বিকেলে খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। এতে উপস্থিত আছেন দুই পরিবারের লোকজন। আরটিভি অনলাইনকে এই তথ্য জানান কল্যাণ।
কল্যাণ বলেন, প্রায় তিন বছর ধরেই গ্রেসের সঙ্গে পরিচয়। দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিয়েতে দুই পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা উপস্থিত আছেন।
কল্যাণের হবু স্ত্রী গ্রেস হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উচ্চতর ডিগ্রির জন্য। সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রে শুটিংয়ের কাজে গিয়ে গ্রেসের সঙ্গে কল্যাণের পরিচয়। তবে গ্রেসের পরিবারের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল।
কল্যাণ বলেন, গ্রেসের বাবা আমার বাবার বন্ধু। কিন্তু গ্রেসের সঙ্গে আমার সেভাবে পরিচয় হয়নি। যুক্তরাষ্ট্রে গিয়ে পরিচয় হয়। এরপর বন্ধুত্ব। এখন পারিবারিকভাবে আমাদের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে। নতুন জীবন শুরু করছি, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।
এই অভিনেতা জানান, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে সবাইকে নিযে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানেই শোবিজ পাড়ার ঘণিষ্ঠদের আমন্ত্রণ জানানো হবে।

পিআর/এম




