
ক্যালেন্ডারের পাতা ঘুরে নতুন বছরে নবরূপে শুরু হয়েছে কর্মযাত্রা। বিভিন্ন নাট্যদল প্রস্তুতি নিচ্ছে নতুন বছরে নতুন কাজের। এছাড়া নিয়মিত নাট্য প্রদর্শনীর ব্যস্ততা তো থাকছেই।
বছরের প্রথম সপ্তাহে মঞ্চায়িত হবে গেলো বছরের প্রশংসিত নাটক ‘নদ্দিউ নতিম’। ম্যাড থেটার প্রযোজিত এই নাটকটি আগামী ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে।
২০১৭ সালে এ নাটকটি দেশে-বিদেশে মঞ্চস্থ হয়েছে। এর মধ্যে ভারতে ও লন্ডনে নাটকটির ৭টি প্রদর্শনী হয়েছে। নতুন বছরে ম্যাড থেটারের কর্মযাত্রা শুরু হচ্ছে এই নাটকের প্রদর্শনীর মাধ্যমে।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয় করবেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।
নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসঙ্গীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন, আরিফ আহমেদ ও আবহসঙ্গীত নিয়ন্ত্রণে রয়েছেন সোহেল খান ও আদর।
নদ্দিউ নতিম নাটকের নির্দেশক আসাদুল ইসলাম বলেন, গেলো বছর নাটকটি দর্শকের কাছে খুবই প্রশংসিত হয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারত ও লন্ডনে নাটকটির প্রদর্শনী করে প্রশংসা পেয়েছি। ৩ জানুয়ারি নাটকটির ৩৭তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
পিআর/এম




