
নন্দিত কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অদ্বৈতমেলা-২০১৮’। মঙ্গলবার, ০২ জানুয়ারি মেলার দ্বিতীয় দিন সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবে জনপ্রিয় গানের দল জলের গান।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ১-৩ জানুয়ারি(সোম-বুধবার) এ মেলার আয়োজন করেছে তিতাস আবৃত্তি সংগঠন। জলের গানের অন্যতম সদস্য রানা সারোয়ার আরটিভি অনলাইনকে বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী অদ্বৈতমেলার দ্বিতীয় দিন সন্ধ্যায় জলের গান থাকবে। গানে-সুরে সবাইকে ভালো কিছু উপহার দিতে পারবো বলে আশা করছি।
জলের গানের বর্তমান লাইনআপে রয়েছেন- রাহুল আনন্দ, রানা সারোয়ার, এবিএস জেম, ডিএস শুভ, এমডি মাসুম, মল্লিক ঐশ্বর্য, দ্বীপ রায়, গোপী দেবনাথ, লিপ্পো অসীম।
মেলার আয়োজক তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন আরটিভি অনলাইনকে বলেন, অদ্বৈত মল্লবর্মণ বাংলা সাহিত্যের কিংবদন্তি। তিনি ১৯১৪ সালের ১ জানুয়ারি জন্মেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ এলাকায়। সকালে তার জন্মভিটায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। তাকে স্মরণ করে আজ থেকে শুরু হয়েছে অদ্বৈতমেলা।
তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সোমবার বিকেল ৪টায় মেলার উদ্ধোধন করেন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার চেয়ারম্যান নায়ার কবীর, বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার প্রমুখ।
এ বছর অদ্বৈত সম্মাননা প্রদান করা হবে অদ্বৈত গবেষক অধ্যাপক সাহাবউদ্দিন বাদলকে। এবারের মেলায় ভারতের ত্রিপুরা থেকে অংশ নিতে এসেছেন- পারিজাত দত্ত, অমিত ভৌমিক, স্মীতা ভট্টাচার্য, শাওলী রায়, নিলোৎপল গোস্বামী, অনিবার্ণ চক্রবর্তী। মেলায় লোকজ পণ্য-সামগ্রী, বই’সহ রয়েছে বিভিন্ন স্টল।

তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল বলেন, অদ্বৈত মল্লবর্মণকে স্মরণ করে গত ৫ বছর ধরে আমরা ভারত-বাংলাদেশের বিশিষ্টজনদের উপস্থিতিতে অদ্বৈতমেলার আয়োজন করে আসছি। মেলা আয়োজনে সহযোগিতা করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
পিআর/এম




