
নজরকাড়া গ্ল্যামার নিয়ে শোবিজ অঙ্গনে তারকাখ্যাতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে হয়েছেন প্রশংসিত। ছোট পর্দার এই জনপ্রিয় তারকা এবার অভিনয় করেছেন চলচ্চিত্রে।
আসছে বসন্তে (১২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সিনেমা হলে মুক্তি পাবে টয়া অভিনীত সিনেমা ‘বেঙ্গলি বিউটি’। এটি পরিচালনা করছেন প্রবাসী বাংলাদেশি রাহশান নূর। ছবিটির প্রযোজনা করেছেন রাফি তামজিদ।
পুরনো দিনের প্রেমের গল্প নিয়ে ‘বেঙ্গলি বিউটি’ সিনেমাটি নির্মিত হয়েছে। একজন বেতার কর্মীর সঙ্গে কর্তৃপক্ষের দ্বন্দ্ব-সংঘাত ও এক মেডিক্যাল ছাত্রীর গল্প দেখানো হয়েছে এই চলচ্চিত্রে। সত্তর দশকের একজন মেডিকেল ছাত্রীর চরিত্রে দেখা যাবে টয়াকে।
সিনেমাটি দেশেও মুক্তি দেয়ার প্রস্তুতি নেয়া চলছে বলে জানান টয়া। এর আগে যুক্তরাষ্ট্রের ১২টি সিনেমা হলে মুক্তি দেয়া হবে ‘বেঙ্গলি বিউটি’।
নিজের চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করেছেন জানিয়ে টয়া বলেন, সত্তর দশকের মেয়েরা কি ধরনের পোশাক পরতেন, কিভাবে কথা বলতেন সেগুলো শেখার চেষ্টা করেছি।
টয়া বলেন, ‘বিদেশের সিনেমা হলে আমার অভিনীত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। এটা ভীষণ ভালো লাগার।’ পরিচালনার পাশাপাশি পরিচালক নিজেও ছবিটির একটি চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম বাশার, জিএম শহিদুল আলম, নাজিবা বাশার, নেইলি আজাদ প্রমুখ।
আরও পড়ুন:
পিআর/এম




