
প্রতিকূল পরিস্থিতি অথবা কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় অনেক নারীকে। সেসব নারীদের গল্প নিয়ে ৮ মার্চ, ২০১৮ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরটিভিতে প্রচারিত হবে ‘প্রেরণায় নারীর গল্প’ শিরোনামে ৩টি নাটক। আর নাটক ৩টি নির্মাণ করবেন ৩জন নারী নির্মাতা।
এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে আরটিভি কার্যালয়ে নির্মাতাদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। চুক্তিবদ্ধ নির্মাতারা হলেন মাতিয়া বানু শুকু, চয়নিকা চৌধুরী ও শ্রাবণী ফেরদৌস।
--------------------------------------------------------
আরও পড়ুন: আরেক ফাল্গুনে হুমায়ুন ফরীদি
--------------------------------------------------------
এ সময় উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, মার্কেটিং প্রধান সুদেব চন্দ্র ঘোষ, উপবার্তা প্রধান মামুনুর রহমান খান এবং প্রোগ্রাম এজিএম সৈয়দ সাবাব আলী আরজু।
সৈয়দ আশিক রহমান বলেন, আমরাই প্রথম নারী দিবসকে সামনে রেখে বড় ধরনের আয়োজন শুরু করি। এবারও ভিন্ন কিছু করার লক্ষ্যে চিন্তা করেছি।
তিনি আরও বলেন, নারী দিবসে নারী নির্মাতাদের নাটক কেন নয়? সেই ভাবনা থেকে আমরা ‘প্রেরণায় নারীর গল্প’ শিরোনামে গল্প আহ্বান করেছি। আর সেখান থেকে ৩জন নারী নির্মাতাই তৈরি করবে ৩টি নাটক।
উল্লেখ্য, নাটক ৩টি ৮মার্চ থেকে তিনদিন আরটিভিতে প্রচার করা হবে।
আরও পড়ুন:
এম/এমকে




