
সময়ের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা অভিনয় করলেন নতুন একটি নাটকে। নাম ‘বর্ণব্যঞ্জন’।
নাটকটির ব্যাপারে সোহানা সাবা বলেন, জনবিচ্ছিন্ন চর অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের ভাষা শেখানোর জন্য একটি পাঠশালা শুরু করতে চায় উন্নয়ন সংস্থার কর্মী দীপা ও শিমুল। স্বেচ্ছাসেবী ডাক্তার মাহমুদের সহায়তায় তারা শুরু করেন ‘বর্ণব্যঞ্জন’ পাঠশালা। কিন্তু পাঠশালার বাধা হয়ে দাঁড়ায় ভূমিদস্যু আইনুল পোদ্দার। এমন গল্প নিয়েই নাটকটি এগিয়ে যায়।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌফিক এলাহী। তিনি বলেন, মহান একুশের চেতনা আমাদের বাংলা ভাষা, দেশ ও জাতীয়তাবোধের এক অনন্য ইতিহাস। একুশের ভাষা আন্দোলন আমাদের সাংস্কৃতিক পরিচিতির স্মারক স্মৃতিও বটে। প্রতিবছর এই মহিমান্বিত দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালন করা হচ্ছে। তবে একুশের চেতনা থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর একটা বড় অংশ অজ্ঞাত রয়েই যাচ্ছে।
তৌফিক এলাহী আরও বলেন, নাটকটিতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে একুশের চেতনা ও শিক্ষার সুযোগ বিকাশে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
সোহানা সাবা ছাড়াও নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, আরমান পারভেজ মুরাদ, নাবিলা ইসলামসহ অনেকে।
নির্মাতা জানিয়েছেন, ‘বর্ণব্যঞ্জন’ নাটকটি ২১শে ফেব্রুয়ারি রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে দেখানো হবে।
আরও পড়ুন:
এম/এসজে




