
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় দীর্ঘ আড়াই দশক ধরে কাজ করছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনে। শুধু অভিনয়েই নয়, বিভিন্ন পেশার মানুষের সাক্ষাৎকার নেওয়া, সামাজিক ইস্যুতে সরব অবস্থান- সবকিছুতেই নিজেকে সক্রিয়ভাবে জড়িত রেখেছেন তিনি। সেই ধারাবাহিকতায়, এবার দেশের শিল্পীদের নিয়ে নিজের উপলব্ধি ও আহ্বান জানিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এই অভিনেতা।
সোমবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় লেখেন, বিএনপির আমলে বিএনপির শিল্পী। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ শিল্পী। গত ২৫ বছর ধরে এই দেখছি। দয়া করে শিল্পীদের এবার সর্বজনীন করে দিন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ভুলভ্রান্তি হয়েছিল সেই ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন।
তিনি আরও লেখেন, শিল্পীরা কোমল হৃদয় এর অধিকারী। এদেরকে এত শক্তভাবে দেখার কিছু নাই। একটু মায়া, একটু মমতায় তাদের মন গলে যায়- এটাই শিল্পীর বৈশিষ্ট্য। নতুনভাবে শিল্পীদের মনে উদ্দীপনা তৈরি করুন যেন শিল্পীরা আর ভুল না করে।
শাহরিয়ার নাজিম জয় মনে করেন, সংস্কার যদি সর্বক্ষেত্রে হয়, তবে সংস্কৃতি ও শিল্পাঙ্গনেও তা হওয়া উচিত। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে নয় বরং দেশের স্বার্থে শিল্পীদের পাশে রাখা ও কাজে লাগানো জরুরি।
তিনি লেখেন, যারা ভয়াবহ অন্যায়ের সাথে জড়িত হয়ে পড়েছিল, ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের কথা আলাদা। কিন্তু যারা ক্ষমার যোগ্য, আপনারা তাদেরকে ভালো করেই চিনেন। তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিন এবং তাদেরকে আতঙ্ক ও অনিশ্চয়তা থেকে উদ্ধার করুন। এই সংস্কারটুকু অত্যন্ত প্রয়োজন।
পোস্টের শেষ দিকে জয় জানান, আমি ব্যক্তিগতভাবে কোন আতঙ্ক এবং অনিশ্চয়তায় নাই। আমি জ্ঞানত কোন অন্যায় করি নাই। আমি আমার শিল্পী সমাজের জন্য এই পোস্ট করেছি। যদিও শিল্পী সমাজের অধিকাংশের মধ্যে একতা নেই, তারপরও আমার দায়িত্ব আছে সবার জন্য লেখা। এটা আমার উপলব্ধি।
আরটিভি/কেআই




