
দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অর্থহীন’-এর প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন, যাকে সবাই ‘বেজবাবা সুমন’ নামেই চেনেন, তার নামের পেছনে এক মজার ঘটনা রয়েছে।
সম্প্রতি, সুমন তার নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’-এর ঘোষণা অনুষ্ঠানে এই নামের পেছনের আসল গল্প শেয়ার করেছেন। তিনি বলেন, ‘বেজবাবা’ নামের ধারণা তার বাবা হওয়ার পর থেকেই শুরু।
সুমন জানান, আমি বাবা হওয়ার দিনটাতে আমার এক স্টুডেন্ট এসে আমাকে বলেছিল, 'বেজ বাবা'। এই নামটা এখান থেকেই এসেছে।
তিনি আরও বলেন, ওই সময় আমি আইআরসির (ইন্টারনেট রিলে চ্যাট) যুগে ছিলাম, মেসেঞ্জারের যুগ ছিল না। আমার এক স্টুডেন্ট সেখানে আমার ইউজারনেম হিসেবে ‘বেজবাবা’ নামটা রেজিস্টার করে দেয়। তখন থেকেই সবাই আমাকে এই নামে ডাকা শুরু করে। আর আমার বয়স তখন কম ছিল, তাই বেজ ডাকাতে খুব মজা লাগত।
তবে সুমন জানালেন, প্রথমে মজার মনে হলেও, সময়ের সাথে সাথে এই নাম তার জীবনের অঙ্গ হয়ে গেছে। 'এখন এটা আমার জন্য খুব স্বাভাবিক। এখন কেউ 'বেজবাবা' ডাকলে তেমন কিছু মনে হয় না। আমার অন্য নামগুলোর মতোই এটা আমার একটা পরিচিতি হয়ে গেছে,' বলেন তিনি।
একটা মজার ব্যাপার হলো, সুমনের বিদেশি বন্ধুরা তাকে ‘বিবি’ নামে ডাকেন, যা ‘বেজবাবা’ নামের সংক্ষিপ্ত রূপ। সুমন নিজেও এই নামের সাথে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছেন এবং এখন মনে করেন, 'এটাই যেন আমার ডাকনাম।'
আরটিভি/কেআই




