
ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী ১৮ অক্টোবর। ঠিক দুই দিন পর, ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। এই দুই কিংবদন্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল ও বিজ্ঞাপন শিল্পী আদিল হোসেন নোবেলের। এই বিশেষ মুহূর্তে নোবেল তার স্মৃতিচারণের মাধ্যমে দুজনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
আইয়ুব বাচ্চু সম্পর্কে কথা বলতে গিয়ে নোবেল জানান, বাচ্চু ভাইয়ের মৃত্যু সংবাদ পাওয়ার পর তিনি নিজেকে আটকে রাখতে পারেননি। ‘সেদিন আমি একা বাসায় ছিলাম, খবর শুনে হাউমাউ করে কান্না করেছি,’ বলেন নোবেল। ছোটবেলা থেকে আইয়ুব বাচ্চুকে চিনতেন তিনি। ঢাকায় আসার পরও তাঁদের সম্পর্ক আরও গাঢ় হয়।
‘আমার অনেক জনপ্রিয় বিজ্ঞাপনের জিঙ্গেলে আইয়ুব বাচ্চুর কণ্ঠ ছিল,’ উল্লেখ করে নোবেল জানান, কাজের বাইরেও তাঁদের ব্যক্তিগত বন্ধুত্ব ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি স্মৃতিচারণ করে বলেন, ওনার এবি কিচেনে যাওয়া আমাদের অনেক স্মৃতির অংশ।
অন্যদিকে, সালমান শাহকে নিয়ে নোবেল স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব প্রথম তাঁর কাছে গিয়েছিল, কিন্তু নিজে না নেওয়ায় তিনি কখনো আফসোস করেননি। বরং তিনি মনে করেন, ওই সিনেমাটি এত সুন্দর হতো না যদি তিনি অভিনয় করতেন।
‘ইমনের লুক, অভিনয়- সব মিলিয়ে সিনেমাটি খুব সুন্দর হয়েছে,’ উল্লেখ করেন নোবেল।
তিনি আরও বলেন, সিনেমা দেখার পর সালমানকে ভালো লাগার কথা জানিয়েছিলেন।
বিজ্ঞাপন ক্ষেত্রেও নোবেল ও সালমানের নাম জড়িয়ে ছিল। নোবেলের মডেলিং ক্যারিয়ার শুরু হয়েছিল এআরসি চায়ের বিজ্ঞাপন দিয়ে, যেখানে সালমান শাহ ফান্টার বিজ্ঞাপনে ছিলেন। নোবেল একেবারে স্বচ্ছন্দে বলেন, ‘আমার স্প্রাইটের বিজ্ঞাপন প্রচারিত হয়নি, কিন্তু আমি এতে কোনো আফসোস করি না।’
আরটিভি/কেআই




