
বলিউড সুপারস্টার হৃতিক রোশন আবারো সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন। বুধবার রাতে পরিচালক রমেশ তৌরানির দীপাবলি পার্টিতে হাজির হয়েছিলেন হৃতিক তার সঙ্গিনী সাবা আজাদের সঙ্গে। সাদাসিধে, কিন্তু স্টাইলিশ কালো শার্ট ও ট্রাউজারে হৃতিক আর সাবা ছিলেন চোখে পড়ার মতো ঐতিহ্যবাহী সালোয়ার স্যুটে। দু’জনে একসঙ্গে পোজ দিয়ে ভক্তদের মনে রসায়নের সৃষ্টি করলেন।
তবে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় হৃতিকের গলায় থাকা একটি পেনডেন্ট নিয়ে। সেটি দেখতে অনেকটা ‘কৃষ’ ছবির আইকনিক মাস্কের মতো, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফলে শুরু হয় ‘কৃষ ৪’ নিয়ে ব্যাপক জল্পনা।
এক ভক্ত লিখেছেন, হৃতিক এবং সাবা রমেশ তৌরানির দীপাবলি পার্টিতে! স্পেশাল কিছু দেখতে জুম করুন। আরেক জন বলেছেন, কয়েক মাস আগে জ্যাকেটে কৃষ মাস্ক, এবার গলায় পেনডেন্ট! নিশ্চয়ই কৃষ ৪ এর প্রোমো শুরু। এক ভক্ত মজার ছলে লিখেছেন, এ যেন কৃষ ৪-এর ঝড়ের আগের নিস্তব্ধতা!
এই উত্তেজনার মধ্যে প্রযোজক ও পরিচালক রাকেশ রোশন নিশ্চিত করেছেন, ‘কৃষ ৪’ অনেক বছর দেরির পর আবারও ট্র্যাকে ফিরে এসেছে। বলিউড হাঙ্গামাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ছবির বাজেট ও স্কেলের বিষয়ে এখন পরিষ্কার ধারণা রয়েছে তাদের।
রাকেশ বলেন, চিত্রনাট্য তৈরিতে বেশি সময় লাগেনি। বাজেট নিয়ে চাপ ছিল। এখন আমাদের প্রয়োজনীয় বাজেট পরিষ্কার, তাই শুটিং শুরু করার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু হবে। প্রি-প্রোডাকশন অনেক বড়, তাই সবদিক থেকে সেভাবে তৈরি হতে হবে।
এদিকে, হৃতিক নিজেও সম্প্রতি জানিয়েছেন, তার পরবর্তী সিনেমায় তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি বলেন, আশা করি আমার মধ্যে যা আছে, তা নিয়ে আমি যেনো গর্ব করতে পারি।
আরটিভি/কেআই




