
পাকিস্তানের জনপ্রিয় মডেল ও টিকটকার রোমাইসা সাঈদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির শোবিজ অঙ্গনে।
পাকিস্তানি গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি ফয়সালাবাদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন রোমাইসা। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
রোমাইসার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহকর্মী, ভক্ত ও ইনফ্লুয়েন্সারদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে তার আকস্মিক বিদায়ে শোক জানিয়ে আবেগঘন পোস্টও করেছেন।
প্রয়াত মডেলের জানাজার নামাজ ফয়সালাবাদে অনুষ্ঠিত হয়। এরপর ননকানা সাহিবের একটি স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
রোমাইসা সাঈদ ছিলেন পাকিস্তানের উদীয়মান ফ্যাশন আইকনদের একজন। র্যাম্পে তার উপস্থিতি যেমন ছিল নজরকাড়া, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার প্রভাব ছিল ব্যাপক।
আরটিভি/কেআই




