
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সিবিআই তদন্তের পর জানা গেছে, সুশান্ত তার প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জন্য তার লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন। সিবিআই-এর নতুন রিপোর্টে এই সম্পর্কের আর্থিক দিকের কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে, যা আগে অনেকটাই অজানা ছিল। খবর আনন্দবাজারের।
২০১৮ সালে রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক শুরু করেন সুশান্ত। ২০১৮ সালের এপ্রিল থেকে একত্রবাস শুরু হয় তাদের। সম্পর্কটা ছিল ২০২০ সালের জুন মাস পর্যন্ত, আর এর ঠিক ৬ দিন আগে রিয়া বান্দ্রার সেই বাড়ি ছেড়ে চলে আসেন। সুশান্তের মৃত্যু পরবর্তী সময়ে রিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে, বিশেষ করে তার টাকা নয়ছয়ের বিষয়ে। তবে সিবিআই রিপোর্ট বলছে, এই সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
সূত্র জানাচ্ছে, সুশান্ত রিয়া চক্রবর্তীর জন্য মোট ১৬.৮০ লক্ষ টাকা খরচ করেছিলেন। শুধু তাই নয়, সুশান্ত রিয়ার ইউরোপ ভ্রমণের খরচও পুরোপুরি বহন করেছিলেন। ২০১৯ সালের অক্টোবর মাসে সুশান্ত এবং রিয়া ইউরোপে গিয়েছিলেন। সেই সময় সুশান্ত নিজের আপ্তসহায়ক শ্রুতি মোদীকে নির্দেশ দিয়েছিলেন, রিয়ার জন্য টিকিট কাটার জন্য।
সুশান্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল, রিয়া তার ১৫ কোটি টাকার সম্পত্তি নয়ছয় করেছেন। তবে সিবিআই এর পরবর্তী রিপোর্টে বলা হয়, এই অভিযোগও ভিত্তিহীন। সুশান্ত নিজেই এই সমস্ত খরচ করেছেন এবং তার টাকা জোর করে নেওয়া হয়নি।
এদিকে, সুশান্তের বাবা রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছিলেন। কিন্তু সিবিআই সেই অভিযোগও প্রত্যাখ্যান করেছে এবং রিয়া চক্রবর্তীকে কোনো ধরনের অপরাধের জন্য দায়ী করেনি।
আরটিভি/কেআই




