
বলিউডের তারকাদের মধ্যে ‘ব্ল্যাক অ্যালকালাইন ওয়াটার’ বা কালো পানি এখন খুবই জনপ্রিয়। শাহরুখ খান, মালাইকা অরোরা, বিরাট কোহলিসহ অনেকেই নিয়মিত এটি পান করেন। বিশেষ এই পানিতে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাসিয়ামসহ একাধিক খনিজ উপাদান। এক বোতলের দাম প্রায় ৬০০ রুপি।
অভিনেত্রী শেহনাজ গিলও এই পানির ভক্ত। তবে তিনি স্বীকার করেন, পান করার পর বিশেষ কোনো উপকার পাননি। শেহনাজ বলেন, আমার তো এমনি পানির মতোই মনে হয়। আমি মূলত কালো রঙ দেখে খাই। মনে হয় কালো কফি খাচ্ছি। তবে এর দাম মত কোনো কাজ হচ্ছে কিনা, তা বলতে পারি না। আমি মূলত শুটিংয়ের সময় খাই। আর খাই কারণ মনে হয় দামি কিছু খাচ্ছি, নিশ্চয়ই কাজ হচ্ছে কিছু।
বিশেষজ্ঞদের মতে, অ্যালকালাইন ওয়াটার নিয়মিত পান করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেতে পারে এবং শরীরচর্চার পর ‘অ্যাসিড রিফ্লাক্স’ বা অম্বলের সমস্যা কমাতে সাহায্য করতে পারে। তবে শেহনাজের অভিজ্ঞতা দেখাচ্ছে, সব ক্ষেত্রে এর উপকার পাওয়া যায় না।
রিয়্যালিটি শো থেকে তারকা হিসেবে আত্মপ্রকাশ করা শেহনাজ গিল বর্তমানে হিন্দি সিনেমা, আইটেম গান ও অন্যান্য বিনোদন ক্ষেত্রেও সক্রিয়। পাঞ্জাব থেকে মুম্বাইয়ে এসে মাত্র কয়েক বছরে নিজের ফ্ল্যাট কিনে ফেলেছেন তিনি। শেহনাজের বাড়িতেও এই অ্যালকালাইন ওয়াটারের ফিল্টার বসানো আছে। তবে তিনি বললেন, এটি মূলত পান করার জন্য নয়, চুল ধোয়ার জন্য ব্যবহার করবেন। শেহনাজ জানান, আমি শুনেছি এই পানি চুলের জন্য খুব ভাল। চুল বাড়তে সাহায্য করে। যদি তা সত্যি হয়, তবে দুই-তিন মাস ব্যবহার করে দেখব।
আরটিভি/কেআই




