
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাল হো না হো’ (২০০৩) ছিল কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান, প্রীতি জিন্টা ও সাইফ আলি খানের অন্যতম সফল ছবি। কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর ও প্রাক্তন সেট ডিজাইনার অ্যাশ ক্যান্টলির কাছে এই ছবিতে কাজ করা ছিল জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। সম্প্রতি টিকটক ক্রিয়েটর সামিটে তিনি জানিয়েছেন, এই ছবির সেট ডিজাইনের কাজ তাকে এতটাই মানসিকভাবে বিপর্যস্ত করেছিল যে তিনি পেশা বদলাতে বাধ্য হন। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।
অ্যাশ ক্যান্টলি বর্তমানে তার জনপ্রিয় শো ‘টক পপ টু মি’–এর জন্য পরিচিত, যেখানে তিনি পপ কালচার ও সেলিব্রেটি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, দুই দশকেরও বেশি সময় ধরে তিনি টেলিভিশন প্রডিউসার ও সেলিব্রিটি এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন।
এক ভিডিওতে অ্যাশ বলেন, আমি কাজ করেছিলাম শাহরুখ খানের কাল হো না হো ছবিতে, আর এটা এত খারাপ অভিজ্ঞতা ছিল যে আমি পরে আমার পুরো ক্যারিয়ারই বদলে ফেলেছিলাম।

২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি মূলত নিউ ইয়র্ক ও টরন্টোতে শুট করা হয়। অ্যাশ জানান, তাকে প্রতিদিন ১২ থেকে ১৭ ঘণ্টা কাজ করতে হতো, অথচ পারিশ্রমিক ছিল মাত্র ৭৫ ডলার। আমি সেট ডিজাইনার হিসেবে কাজ করছিলাম। ‘একটি ডিনার সেট আমি ইঞ্চি বাই ইঞ্চি পুনর্গঠন করেছিলাম, কিন্তু জায়গাটি ছিল ভয়াবহ নোংরা। আমি কখনও এত খারাপ কাজের অভিজ্ঞতা পাইনি’, বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, একই পদে কাজ করা পুরুষ সহকর্মীরা ১২৫ ডলার করে পারিশ্রমিক পেতেন। ‘আমি তখন তরুণ, অনভিজ্ঞ এবং ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে মরিয়া ছিলাম। তাই রাজি হয়ে গিয়েছিলাম। এখন ভাবলে মনে হয়, এটা ছিল অন্যায্য’, বলেন অ্যাশ।
তবে তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন- যদি পারিশ্রমিক কম হয়, তাহলে তিনি কাজটি নিলেন কেন। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ওরি মন্তব্য করেছেন, এই ভিডিও ছাড়া তোমার অন্য কোনো রিল ৫ হাজার ভিউ পায় না। কৃতজ্ঞ হও।
অন্যদিকে, কেউ কেউ অ্যাশের পক্ষে কথা বলেছেন। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, তিনি তরুণ বয়সে কাজটি করেছিলেন, কাজটিও ভালোভাবে সম্পন্ন করেছিলেন। এর জন্য ন্যায্য পারিশ্রমিক পাওয়ার দাবিদার তিনি। অন্যায়ের প্রতিবাদ করায় তাকে দোষ দেওয়া ঠিক নয়।
যারা সন্দেহ প্রকাশ করেছেন যে তিনি আদৌ ছবিটির সঙ্গে যুক্ত ছিলেন কি না, তাদের জবাবে অ্যাশ বলেন, ২০ বছর আগের কাজ, তখন স্মার্টফোন ছিল না। আমার একমাত্র প্রমাণ আইএমডিবি পেজ।
উল্লেখ্য, কাল হো না হো পরিচালনা করেছিলেন নিখিল আডভানি। ছবিটি প্রযোজনা করেছিলেন যশ জোহর এবং চিত্রনাট্য লিখেছিলেন করণ জোহর ও নিরঞ্জন আইয়াঙ্গার।
আরটিভি/কেআই




