
কে-পপ সেনসেশন ও বিটিএসের অন্যতম উজ্জ্বল তারকা জাং কুক তার প্রথম একক প্রদর্শনী নিয়ে হাজির হচ্ছেন ভারতে। ‘গোল্ডেন: দ্য মোমেন্টস’ নামের এই অনন্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে আগামী ১২ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। খবর বলিউড লাইফের।
এই প্রদর্শনীটি ‘বুকমাইশো’ ও ‘হাইব’-এর সহযোগিতায় আনা হচ্ছে। এটি জাং কুকের প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’-এর প্রতি এক সৃজনশীল শ্রদ্ধা, যেখানে দেখা যাবে তার রূপান্তর - ‘গোল্ডেন মাকনে’ থেকে বৈশ্বিক পপ আইকনে পরিণত হওয়ার অসাধারণ যাত্রা।
প্রদর্শনীতে থাকবে গোল্ডেন: থিয়েটার ও শাইন সিনেমা, যেখানে বড় পর্দায় দেখা যাবে তার জনপ্রিয় ট্র্যাক- সেভেন (ফিচারিং লাট্টো), থ্রিডি (ফিচারিং জ্যাক হারলো) ও স্ট্যান্ডিং নেক্সট টু ইউ–এর লাইভ পারফরম্যান্স।
ভক্তরা আরও দেখতে পারবেন তার মঞ্চপোশাক, বিহাইন্ড-দ্য-সিন মুহূর্তসহ আরও অনেক কিছু। শেষে গোল্ডেন: মোমেন্টস জোন-এ ভক্তরা নিজেদের বার্তা রেখে যেতে পারবেন, যা প্রতীকীভাবে যুক্ত করবে তাদেরকে জাং কুকের শিল্পযাত্রার সঙ্গে।
এই প্রদর্শনী কেবল একটি শিল্প ইভেন্ট নয়, এটি ভারতের পপ কালচারে এক বড় পদক্ষেপ, যেখানে প্রথমবারের মতো ভক্তরা সরাসরি অনুভব করবেন জাং কুকের ‘গোল্ডেন’ জগৎ।
‘গোল্ডেন: দ্য মোমেন্টস’-এর টিকিট বিক্রি শুরু হবে চলতি বছরের ৬ নভেম্বর থেকে। টিকিট পাওয়া যাবে শুধুমাত্র ‘বুকমাইশো’-ওয়েবসাইটে।
আরটিভি/কেআই




