পপ সঙ্গীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে তার বায়োপিক ‘মাইকেল’-এর টিজার। বৃহস্পতিবার রাতেই প্রকাশিত এক মিনিট ১৩ সেকেন্ডের টিজার ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ঝড় তুলেছে। খবর ডেডলাইনের।
ভক্তরা জানাচ্ছেন, রক্তও কথা বলে। কারণ টিজারে দেখা যাচ্ছে, মাইকেলের চরিত্রে অভিনয় করা তার ভাতিজা জাফার জ্যাকসন যেন পুরোপুরি জীবন্ত হয়ে উঠেছেন।
‘মুনওয়াক’, ‘থ্রিলার’-এর আইকনিক নাচ এবং মঞ্চে সিগনেচার স্টেপগুলো অবিকলভাবে পুনরায় ফুটিয়ে তোলার দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়েছে।
টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ এবং মুক্তির প্রথম ৬ ঘণ্টার মধ্যেই এটি ইউটিউবে প্রায় ৩০ মিলিয়নের বেশি ভিউ ছুঁয়ে গেছে। দর্শকরা বলছেন, আগামী বছর এটি হতে যাচ্ছে সবচেয়ে আলোচিত বায়োপিকগুলোর মধ্যে একটি।
‘মাইকেল’ কেবল একজন শিল্পীর সাফল্যের কাহিনি নয়; এটি তার সংগ্রাম, মানসিক যাত্রা, উত্তরাধিকার সবই তুলে ধরবে। জ্যাকসন ফাইভ থেকে শুরু করে বৈশ্বিক তারকা হওয়ার গল্প এবং মঞ্চের বাইরে থাকা অজানা দিকগুলোও এতে উঠে আসবে।
টিজারের শুরুতেই দেখা যায়, হেডফোনে সংগীতে নিমগ্ন মাইকেল; তারপর ভেসে আসে কোয়েন্সি জোন্সের কণ্ঠ- আমি জানি তুমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছো...

এরপর দৃশ্য বদলাতে থাকে দ্রুত। রিল টেপ ঘোরানো, সাউন্ড কনসোলের ফেডার নড়াচড়া, হাতে লেখা গানলিস্ট—‘Billie Jean’, ‘Beat It’, ‘Thriller’—লাখো ভক্তের উচ্ছ্বাস, ফ্ল্যাশে ভরা পুরস্কার মঞ্চের মুহূর্ত; সব মিলিয়ে টিজারটি মাইকেল জ্যাকসনের ইতিহাসের এক ঝলক ফুটিয়ে তোলে।
শেষ দৃশ্যে দেখা যায় জাফারকে ‘থ্রিলার’-এর আইকনিক লাল জ্যাকেটে, জম্বিদের সঙ্গে নাচছেন। মঞ্চে তার সিগনেচার স্টেপে মাতাচ্ছে দর্শকরা। কোয়েন্সির শেষ সংলাপ, ভেতরে পা স্থির রাখো, আমার বন্ধু! এ দৃশ্যকে আরও স্মরণীয় করে তুলেছে।
বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া, চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল। ভক্তদের মত, এটি শধু একটি সিনেমা নয়, বরং সংগীত ইতিহাসের এক কিংবদন্তিকে নতুন করে পুনর্জন্ম ঘটানো।
আরটিভি/কেআই





