‘আপনি জিতে গেছেন হাদি’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ০৭:১৬ পিএম


‘আপনি জিতে গেছেন হাদি’
ছবি: কোলাজ

জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। তার মৃত্যুতে দেশে শোকের মাতম চলছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তার দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

শহীদ হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পী, সংস্কৃতিকর্মী এবং রাজনীতিবিদরা। এছাড়া জানাজার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন শোবিজ অঙ্গনের একাধিক তারকা।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান লেখেন, আপনি জিতে গেছেন হাদি… আজ লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য সংসদ ভবনের সামনে! আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

বিজ্ঞাপন

চিত্রনায়ক সিয়াম আহমেদ একটি ছবি পোস্ট করে লেখেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি-কাঁদিবে ভুবন।

অভিনেতা ইরফান সাজ্জাদ তার পোস্টে লেখেন, আপনি জিতে গেছেন হাদি! বলেছিলেন সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান, সেটাই আলহামদুলিল্লাহ। আর আজ লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে!

বিজ্ঞাপন

রাজনীতিবিদদের প্রতি ইঙ্গিত করে তিনি আরো লেখেন, বছরের পর বছর রাজনীতি করা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবেন-আপনি মারা গেলে মানুষ জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে?

শেষে ইরফানের প্রার্থনা, রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য। আপনি জিতে গেছেন হাদি-দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরা সঙ্গে ছিলেন।

পরে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ময়নাতদন্ত শেষে ফের হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তাকে শেষ গোসল করানো হয়। গোসল শেষে তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য নিয়ে আসা হয়। 

এদিকে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।

শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। 

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। 

এরপর পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সবশেষ গত ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে শুক্রবার তার মরদেহ ঢাকায় আনা হয়।

আরটিভি/কেআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission