
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি দীর্ঘ সময় পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন। তার আসন্ন ছবি ‘টক্সিক’ নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে উন্মাদনা। রোববার (২১ ডিসেম্বর) কিয়ারার ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
অভিনেতা ইয়াশ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা আদভানি-একটি বিষাক্ত রূপকথার গল্প, প্রাপ্তবয়স্কদের জন্য। পোস্টারে কিয়ারা আদভানিকে কালো রঙের অফ-শোল্ডার গাউন এবং উঁচু কাটের ড্রেসে দেখা যায়। তিনি একটি ডান্স ফ্লোরে, স্পটলাইটের নিচে দাঁড়িয়ে আছেন। তার চোখে রয়েছে গভীর বিষণ্ণতা, আর গাল বেয়ে আসছে অশ্রু। পুরো লুকটি রহস্যময়, যন্ত্রণার এবং অন্ধকার আবহে মোড়া।
কিয়ারার এই নতুন, ডার্ক এবং ইন্টেন্স লুক দর্শকদের মধ্যে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নেটিজেনরা কিয়ারার এই লুকের সঙ্গে টিম বার্টন এর সিনেমার চরিত্র বা হর্লে কুইন এর তুলনা টেনেছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা ভীষণ শক্তিশালী লাগছে। অন্য একজন বলেছেন, একদম লেডি জোকারের মতো ভাইব!
জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহন দাস পরিচালিত এই সিনেমায় কিয়ারা আদভানি ইয়াশ এর বিপরীতে অভিনয় করবেন। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারা সুতারিয়া, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয় এবং সুদেব নায়ার।
এছাড়াও, ‘টক্সিক’ ছবিটি কন্নড় এবং ইংরেজি ভাষায় একসাথে শুট করা হয়েছে এবং এটি মোট ছয়টি ভাষায় মুক্তি পাবে। সব ঠিক থাকলে সিনেমাটি ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পেতে পারে।
আরটিভি/কেআই




