
সিনেমায় সাফল্য পেলে অনেকেই মঞ্চনাটক ও টিভি নাটক থেকে নিজেকে গুটিয়ে নেন। এক্ষেত্রে ব্যতিক্রম শতাব্দী। সমানতালে অভিনয় করে যাচ্ছেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে। অভিনেতা হিসেবে পেয়েছেন তারকাখ্যাতি।
গত বছরই দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ছবিতে অভিনয় করে তুমুল প্রশংসিত হয়েছেন শতাব্দী ওয়াদুদ। এর আগে নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন শিল্প-বোদ্ধাদের কাছেও।
সম্প্রতি ‘পাগলামি’নামের একটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। এই নাটকে পাগলরূপে দেখা যাবে শতাব্দীকে। এরই মধ্যে নাটকটির কয়েকটি স্থিরচিত্রে দেখা গেছে পাগল শতাব্দীকে। অনেকেই তাদের প্রিয় অভিনেতাকে রাস্তায় এমন রূপে দেখলে চিনতেই পারবেন না।
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘অঞ্জনযাত্রা’ আমার জীবনের সব গল্প
--------------------------------------------------------
‘পাগলামি’নাটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশফাকুর অভি। গত ২৫ ও ২৬ মার্চ উত্তরার স্বপ্নিল শুটিং বাড়িসহ বিভিন্ন জায়গায় হয়েছে নাটকটির দৃশ্যধারণ।
নাটকের পরিচালক অভি জানান, একজন রাস্তার পাগলকে (শতাব্দী ওয়াদুদ) সুস্থ করার মনবাসনা নিয়ে কাজ করেন সায়লা। তার এই উদ্যোগে বাধা হয়ে দাঁড়ায় সমাজের নানা প্রতিকূলতা। নাটকে সায়লার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। এটি প্রযোজনা করেছে সেফ মাল্টিমিডিয়া।
আসছে ঈদকে সামনে রেখে নাটকটি নির্মিত হচ্ছে। কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:
পিআর/পি




