এবার আলোচনায় ভারতীয় ক্রিকেটের পেসার আরশদীপ সিং এবং মডেল-অভিনেত্রী সামরিন কৌর -এই দুই তারকার প্রেমের গুঞ্জন। যদিও ক্রিকেটারদের সঙ্গে তারকাদের প্রেম নতুন কিছু নয়। বলিউডের অনেক তারকারাই ক্রিকেটারদের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন। কিছু সম্পর্ক বিয়ে পর্যন্ত গিয়েছে আর কিছু সম্পর্ক ভেঙে গিয়েছে।
প্রেমের এমন গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়া ও বিনোদন জগতে ব্যাপক আলোচনা চলছে। আইপিএল ২০২৬ মৌসুমে পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন আরশদীপ।
আরশদীপ সিং বর্তমানে পাঞ্জাব কিংস (পিবিকেএস) ও ভারতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। অন্যদিকে সামরিন কৌর তার অভিনয় ও মডেলিং ক্যারিয়ারের কারণে নজর কাড়ছেন। দুজনের মধ্যে সম্পর্কের গুঞ্জন এখন ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
সামাজিক মাধ্যমে গুঞ্জনের সূত্রপাত
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত থেকেই এই গুঞ্জনের শুরু। আরশদীপ সম্প্রতি স্ন্যাপচ্যাটে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে এক রহস্যময় নারীর হাত ধরে থাকতে দেখা যায়। নেটিজেনরা দ্রুতই লক্ষ্য করেন, ওই নারীর ট্যাটু এবং নখের নকশা সামরিন কৌরের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টের সঙ্গে মিলে যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে জল্পনা আরও বাড়ে।
এছাড়া সামরীনকে পাঞ্জাবের মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়াম এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে আরশদীপকে সমর্থন করতে দেখা গেছে বলেও দাবি করা হয়।
কে এই সামরিন কৌর?
সামরিন পুনের সিম্বায়োসিস কলেজ অব আর্টস অ্যান্ড কমার্স থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি একজন মডেল ও অভিনেত্রী। ২০১৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্ট হয়ে তিনি প্রথম জাতীয়ভাবে পরিচিতি পান। সেই সময় তিনি জম্মু ও কাশ্মীরের প্রতিনিধিত্ব করেছিলেন।
এমনকি সামরিন কৌর মিউজিক ভিডিওতে কাজ করেছেন। বিশেষ করে জুবিন নটিয়ালের সঙ্গে ‘তুজে ভুলনা তো চাহা’ (২০২১) এবং গায়ক-র্যাপার বাদশাহর সঙ্গে ‘বাওলা’ গানটি তাকে জনপ্রিয় করে তোলে। অভিনয়ে তার কাজের মধ্যে রয়েছে জি৫-এর লিগ্যাল থ্রিলার ‘নেইল পলিশ’ এবং কবির খানের পরিচালনায় তৈরি স্পোর্টস ড্রামা ‘৮৩’, যেখানে রণবীর সিং অভিনয় করেছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস




