
ঈদ আসতে এখনও অনেক সময় বাকি। তবে পরিচালকরা এরই মধ্যে ঈদের জন্য নাটক নির্মাণে ব্যস্ত হয়ে পড়েছেন। তারই ধারাবাহিকতায় নির্মাতা সাখাওয়াত মানিক ‘তোমার আমার গল্প শেষে’ নামে একটি নাটক তৈরি করলেন।
নাটকের গল্পে দেখা যাবে, বাড়ি ভাড়া নেয়ার পর থেকে সুমন বাড়িওয়ালার মেয়ে মাইশাকে পড়াতে শুরু করেন। ধীরে ধীরে সুমনের প্রতি দুর্বল হয়ে পড়ে মাইশা। কিন্তু সুমন ভালোবাসে নীতাকে। সুমন প্রথম থেকে মাইশাকে বোঝানোর চেষ্টা করে সম্পর্কটা সম্ভব না।
তবে মাইশা হাল ছাড়ে না। হঠাৎ একটা প্রোজেক্টের কাজ পাওয়ায় ব্যস্ত হয়ে পড়েন সুমন। এবার নীতা পড়ানো শুরু করলো মাইশাকে, ঘটনা তখনই ঘটে। নীতা জেনে যায় সুমনের প্রতি মাইশার দুর্বলতা। এরপর শুরু হয় দ্বন্দ্ব। এভাবেই নানা টানা-পোড়েনের মাধ্যমে গল্পটি এগিয়ে যায়।
--------------------------------------------------------
আরও পড়ুন: সেলফি তুলে টাকা আয় করেন শিলাজিত
--------------------------------------------------------
‘তোমার আমার গল্প শেষে’ নাটকটি রচনা করেছেন ইউসুফ আলি খোকন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, প্রভা, উষ্ণ, পীরজাদা হারুনসহ অনেকে।
নাটকটির ব্যাপারে সাখাওয়াত মানিক আরটিভি অনলাইনকে বলেন, ঈদে দর্শকরা যে মেজাজের নাটক দেখতে চান এই নাটকটি ঠিক তেমনি গল্প নিয়ে তৈরি। আর ঈদ একটি বড় উৎসব হওয়াতে সারা বছরের তুলনায় এ সময়টায় দর্শকদের নাটক নিয়ে আগ্রহ বেশি থাকে। সবদিক বিবেচনা করেই নাটকটি নির্মাণ করেছি। আশা করছি দর্শকরা নাটকটি পছন্দ করবেন। আসছে ঈদে নাটকটি যে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
এম/পি




