
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সৌকার জানকী মারা গেছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে ৯৪ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নাদিগার সংঘের সভাপতি নাসের।
বেতার শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সৌকার জানকী। পরে অভিনয়ে এসে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। সাত দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষার প্রায় ৪০০টি সিনেমা এবং ৩০০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।
১৯৫০ সালে শভুকরু নামের একটি তেলেগু সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান সৌকার জানকী। ওই সিনেমার নাম থেকেই পরবর্তীতে তার নামের সঙ্গে সৌকার শব্দটি যুক্ত হয়ে যায়।
দীর্ঘ অভিনয়জীবনে অসাধারণ দক্ষতার জন্য ভারতীয় চলচ্চিত্রে বিশেষ সম্মান অর্জন করেন তিনি। অভিনয়ের স্বীকৃতি হিসেবে ভারতের মর্যাদাপূর্ণ পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী।
শেষ শ্রদ্ধা জানানোর জন্য চেন্নাইয়ের সেন্টাফ রোড প্রাঙ্গণে সৌকার জানকীর মরদেহ রাখা হয়েছে। তার মৃত্যুতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রসহ পুরো বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/জেএমএ


