
নাজিফা তুষি একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজে পথচলা শুরু তার। এরপর বেশ কিছু বিজ্ঞাপন ও ফটোশুটে মডেল হিসেবে দেখা গেছে তাকে।
রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। আর প্রথম ছবিতেই দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পান তুষি। ছবিটি মুক্তি পাবার পর থেকেই চেনা-অচেনা অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন।
এই অনুপ্রেরণা তুষিকে ভালো কাজের ব্যাপারে আরও আগ্রহী করে তুলেছে। আপাতত বড় পর্দার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।
এ ব্যাপারে তুষি আরটিভি অনলাইনকে বলেন, চলচ্চিত্রে আমি সংখ্যার চেয়ে ভালো কাজকে প্রাধান্য দিতে চাই। প্রথম ছবিতে কাজ করে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। ভবিষ্যতে এই ভালোবাসা ধরে রাখতে চাই ভালো কাজের মাধ্যমে। নতুন আরও কয়েকটি ছবিতে কাজের জন্য কথা চলছে। তবে কোনোটাই এখনও চূড়ান্ত হয়নি। আবারও ভালো একটি ছবির মাধ্যমেই ক্যামেরার সামনে দাঁড়াতে চাই।
--------------------------------------------------------
আরও পড়ুন : ঈদে কী ভারতীয় সিনেমা মুক্তি পাবে?
--------------------------------------------------------
চলচ্চিত্রের জন্য নাটকে কাজ করা হয়নি তুষির। তবে তিনি চান মনের মতো চরিত্র পেলে বিশেষ দিবসের নাটকগুলোতে কাজ করতে। তুষির ভাষ্য, ‘আমি প্রতিটি কাজের মাধ্যমে নতুন কিছু শিখতে চাই। যে কাজটিতে মনে হবে অভিনয়ের সুযোগ আছে, নতুন কিছু শেখার সুযোগ আছে সেরকম কোনো কাজ পেলে অবশ্যই করবো’।
এদিকে প্রথমবারের মতো একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করছেন নাজিফা তুষি। ‘কুমারিকা কেশকাহন’ নামের অনুষ্ঠানটি আগামী ১৩ মে থেকে প্রচার শুরু হতে যাচ্ছে। বেসরকারি টেলিভিশন আরটিভিতে প্রতি রোববার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার শুরু হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নূর হোসেন হিরা।
এ ব্যাপারে তুষি বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই উপস্থাপনার অফার পেয়েছি। তবে সেগুলো করা হয়নি। ভেবেছি এই কঠিন কাজটি কি আমাকে দিয়ে হবে? নতুন এই অনুষ্ঠানটির বিষয়ে যখন আমাকে জানানো হলো, কনসেপ্ট থেকে শুরু করে সব কিছুই ভালো লেগেছে। তাইতো কাজটি করতে রাজি হয়ে গেলাম। আশা করছি দর্শকরাও অনুষ্ঠানটি পছন্দ করবেন।
আরও পড়ুন :
এম/পি




