
নায়ক-নায়িকা, পরিচালক, প্রযোজক, কলাকুশলীদের নিয়ে বড় আয়োজনেই সম্পন্ন হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিল। গতকাল শুক্রবার রাজধানীর রমনায় অবস্থিত পুলিশ কনভেনশন হলে শিল্পী সমিতির উদ্যোগে এ ইফতার মাহফিল আয়োজিত হয়।

এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হক।

আরও উপস্থিত ছিলেন কবরী, সুচন্দা, ফারুক, আলমগীর, আনোয়ারা, আহমেদ শরীফ, শাবনূর, পপি, পূর্ণিমা, রোজিনা, অঞ্জনা, ফেরদৌস, মিশা সওদাগর, জায়েদ খান, সাইমন, আমিন খান, টেলি সামাদ, সাহারা, শাকিবা, তুষার খান, রেসি, ইমন, ডিএ তায়েব, মিষ্টি জান্নাত, বিপাশা কবির, দীপালি আক্তার তানিয়া, রোমানা নীড়, শিপন, নিঝুম রুবিনা, জয় চৌধুরী, কায়েস আরজু, শান, তানহা তাসনিয়া, পুষ্পিতা পপি, শিমুল খান, অমৃতা খান, শিরিন শিলা, মৌমিতা মৌ, সনি, মৌ খান, তানিন, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, মুশফিকুর রহমান গুলজার, মোহাম্মাদ হোসেন, প্রযোজক ফরমান আলী, নাদির খান, নৃত্য পরিচালক মাসুম বাবুল, সঙ্গীতশিল্পী প্রতীক হাসানসহ অনেকে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘সাধারণত একসঙ্গে চলচ্চিত্রের এতো তারকা দেখা যায় না। এখানে এসে অনেকের সঙ্গেই দেখা হয়ে গেলো। আমাদের চলচ্চিত্র আরও অনেক দূর এগিয়ে যাবে, এই আশায় ব্যক্ত করি।’

নায়ক আলমগীর বলেন, ‘আগেই শুনেছিলাম এবার শিল্পী সমিতি বড় পরিসরে ইফতার আয়োজন করবে। কিন্তু সেটা এতো বড় আয়োজন বুঝতে পারিনি। খুব ভালো লাগছে এই সমিতি শিল্পী সবাইকে পেয়ে।’

মিশা সওদাগর বলেন, ‘খুব ভালো লাগছে ইফতারে হাজির হয়ে। বহুদিন পর সবাইকে দেখলাম, গল্প করলাম। ইন্ডাস্ট্রি আমাদের ঘরের মতো। এ শিল্পী সমিতি ইফতার মাহফিলের আয়োজন করে। পবিত্র এই মাসে অনেক প্রিয়মুখ একসঙ্গে পেয়ে অনেক ভালো লাগছে।’

জায়েদ খান বলেন, ‘আমরা চেষ্টা করেছি সবাইকে দাওয়াত দিতে। তারপরও যারা বাদ পড়েছেন তাদের কাছে ক্ষমা চাই। আমাদের চেষ্টা ছিল সবাইকে নিয়ে ঘরোয়া পরিবেশে ইফতার করবো। জানি না কেমন করতে পেরেছি, তবে আমাদের আন্তরিকতায় কোনও ত্রুটি ছিল না। যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা।’

দুপুর থেকেই শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, ইমন, সাইমনসহ ও সমিতির অন্যান্য নেতারা আগত অতিথিদের স্বাগত জানান।

এম/সি




