ইউটিউব ছাড়া আয়ের আরও মাধ্যম আছে: আসিফ আকবর

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৮ , ০৩:২৫ পিএম


ইউটিউব ছাড়া আয়ের আরও মাধ্যম আছে: আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ খ্যাত দেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র আসিফ আকবর। গান নিয়েই সর্বক্ষণ যার বসবাস। গানই যার প্রাণ। অবিরত দেশীয় মিউজিক ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য কাজ করে চলেছেন তিনি। বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রিতে ইউটিউব নির্ভর কাজ বেশি হচ্ছে। অথচ বিশ্বজুড়ে ইউটিউবের মতো আরও অনেক প্লাটফর্ম আছে যেখান থেকে গানের জন্য ভালো আয় হয়।

এ নিয়ে আসিফ আকবর আরটিভি অনলাইনকে বললেন, পৃথিবীতে ২৭২টি প্লাটফর্ম আছে যারা গানের জন্য টাকা দেয়। এরমধ্যে ইউটিউব খুবই সস্তা একটি মাধ্যম যারা খুব কম অর্থ দেয়। কিন্তু আমরা ইউটিউব নিয়েই সবচেয়ে বেশি মাতামাতি করি। সময় এসেছে গানের অন্যান্য মাধ্যমগুলোর দিকে নজর দেয়ার। যার মাধ্যমে বাংলা গানকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়া যাবে। পাশাপাশি সঙ্গীতের সঙ্গে জড়িতরা একটা ভালো অর্থ আয় করতে পারবেন সেখান থেকে।

তিনি আরও বলেন, শিল্পীদের রয়েলিটি নিয়ে আমিই প্রথম আন্দোলন শুরু করেছিলাম। আমি দীর্ঘদিন গান থেকে নিজেকে দূরে রেখেছিলাম। অবশেষে আমি সেই আন্দোলনে কিছুটা হলেও সফল হতে পেরেছি। এখন কপিরাইট আইন মেনে কাজ চলছে। যদিও আন্দোলনের জন্য আমাকে জেলেও যেতে হয়েছে। ভবিষ্যতে দরকার হলে আবারও জেলে যাবো। আমি যখন থাকবো না তখন হয়তো মানুষ আমাকে স্মরণ করবে এখনকার এসব কাজের জন্যে।

নতুন শিল্পীদের সঙ্গে কাজের ব্যাপারে আসিফ আকবর বলেন, একটা সময় বড় শিল্পীরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। তখন আমিও হিট। আমার অ্যালবামও হিট ছিল। তখন সিদ্ধান্ত নিলাম আমি নিজেই তো বড় (হাসি), আমার তো অন্যদের সঙ্গে কাজ করতে সমস্যা নেই। এরপর থেকেই যারা নতুন, ভালো গান গায়, তাদের সঙ্গে অ্যালবাম করা শুরু করি। প্রতিভাকে আপনি আটকে রাখতে পারবেন না। প্রতিভা একটা সময় বিকশিত হবেই। তবে সেই সুযোগ বড়দেরই করে দিতে হবে।

আরও পড়ুন :

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission