
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও বুবলি জুটির নতুন ছবির শুটিং শুরু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে এফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক শাহীন সুমন।
‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ নামে ছবির মহরত অনুষ্ঠিত হয়। কিন্তু শেষ পর্যন্ত ছবির নামের পরিবর্তন হতে পারে জানিয়েছেন পরিচালক।
মাঝে গুঞ্জন শোনা যায় ছবির নায়িকা বুবলি কাজটি করতে চান না। তবে পরিচালক শাহীন সুমন আরটিভি অনলাইনকে জানিয়েছিলেন, শাকিব-বুবলি দুজনকে নিয়েই তিনি কাজটি করতে চান। প্রযোজকের সঙ্গে কথা হয়েছে তারা দুজনেই কাজটি করবেন।
পরিচালক বলেন, শাকিব খানের সঙ্গে আমার বোঝাপড়াটা বেশ ভালো। একসঙ্গে অনেক ছবিতেই কাজ করা হয়েছে। আমার চাওয়াটা শাকিব ভালো বোঝেন। আশা করছি অতীতের অন্যান্য ছবির মতো নতুন ছবিটিও দর্শকরা পছন্দ করবেন।
সবশেষ শাহীন সুমনের পরিচালনায় ২০১৫ সালে ‘লাভ ম্যারেজ’ ছবিতে অভিনয় করেন শাকিব খান। নতুন ছবিটি এই নায়ক-পরিচালক জুটির একসঙ্গে ২১তম ছবি হতে যাচ্ছে। শাহীন সুমনের পরিচালনায় শাকিব অভিনীত লাভ ম্যারেজ, নষ্ট, খোদার পরে মা, মনে বড় কষ্ট, একবুক জ্বালা, টাইগার নাম্বার ওয়ান, সন্তান আমার অহংকার ছবিগুলো উল্লেখযোগ্যে।
আরও পড়ুন :
এম/পি




