
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ভারতের বরেণ্য নির্মাতা শ্যাম বেনেগালকে দায়িত্ব দেয়া হয়েছে সিনেমাটি পরিচালনার জন্য। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি।
বাংলাদেশের জাতির পিতাকে নিয়ে সিনেমা বানানোর দায়িত্ব কেন একজন বিদেশি পরিচালক পাবেন? এ নিয়ে বাংলাদেশে কেউ কেউ প্রশ্ন তুলছেন, সে ব্যপারে কী ভাবছেন, ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল?
সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শ্যাম বেনেগাল বলেন, ‘দেখুন, এই প্রশ্নটার উত্তর দেয়া আমার পক্ষে সত্যিই কঠিন। কিন্তু হাতের কাছেই তো উদাহরণ আছে - ভারতের মহাত্মা গান্ধীকে নিয়ে কী অসাধারণ সিনেমাই না বানিয়েছিলেন রিচার্ড অ্যাটেনবরো। আর সেই অর্থে বাংলাদেশের কাছে তো আমি সেরকম কোনও বিদেশিই নই।’
তিনি আরও বলেন, ‘প্রশ্নটা হলো কাজটা ভালোভাবে করার যোগ্যতা আপনার আছে কি না, এবং এ ক্ষেত্রে জাতির পিতাকে বাংলাদেশ যে দৃষ্টিতে দেখে সেই মর্যাদার দাম আপনি দিতে পারছেন কি না।’
শ্যাম বেনেগাল বলেন, ‘ভারতীয় না-হয়েও অ্যাটেনবরোর তো গান্ধীকে বুঝতে কোনও সমস্যা হয়নি। কাজেই আমার কাছে অন্তত এই প্রশ্নটার কোনও প্রাসঙ্গিকতা নেই। তবে মানুষ অন্যভাবে ভাবতেই পারেন - সেটা তাদের বিষয়।’
আরও পড়ুন :
পিআর/এম




