
দেশীয় শোবিজের গুণী অভিনেতা শহিদুজ্জামান সেলিম নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। নাম ‘আনন্দ অশ্রু’। পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক।
এতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও মাহিয়া মাহি। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে। আগামী ১৩ অক্টোবর থেকে নতুন লটের শুটিং হবে।
‘আনন্দ অশ্রু’ সিনেমায় শহিদুজ্জামান সেলিমের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক। সিনেমায় এই অভিনেতাকে খল-চরিত্রে দেখা যাবে। নতুনভাবেই দর্শকের সামনে তাকে তুলে ধরা হবে বলে জানান মানিক।
এর আগে শহিদুজ্জামান সেলিমকে মেড ইন বাংলাদেশ, চোরাবালি, সুলতানা বিবিয়ানা, বাপজানের বায়স্কোপসহ বেশ কিছু সিনেমায় দেখা গেছে। প্রতিটি সিনেমাতেই তার অভিনয় প্রশংসিত হয়।

এদিকে সাইমন-মাহি জুটির ‘পোড়ামন’ ও ‘জান্নাত’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘আনন্দ অশ্রু’ ছাড়াও আরও বেশ কিছু সিনেমায় কাজ করছেন তারা।
উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল প্রয়াত মহানায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূর অভিনীত সুপারহিট সিনেমা ‘আনন্দ অশ্রু’। এটি পরিচালনা করেছিলেন শিবলি সাদিক। দুই দশক পর নতুন গল্প নিয়ে একই নামে সিনেমা নির্মাণ করছেন মোস্তাফিজুর রহমান মানিক। নাম এক হলেও সম্পূর্ণ নতুন সিনেমা এটি।
আরও পড়ুন :
এম/এমকে




