
রাজধানীর আর্মি স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এবারের আসরে সাত দেশের ১৭৪ জন শিল্পী লোকগান ও নাচে মাতাবেন উৎসব। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উৎসব উপভোগ করছেন দর্শক-শ্রোতারা। উৎসবের আয়োজন করছে সান ফাউন্ডেশন।
বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী। তিনি বলেন, লোকসংগীত আমাদের শেকড় ও অন্তরের সুরকে তুলে আনে। আমাদের সাংস্কৃতিক পরিচয়কে হাজার বছর ধরে গভীরভাবে বহন করছে আমাদের সকলের প্রিয় এই লোকসংগীত। সকলের অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমেই লোকসংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা সম্ভব তাই আসুন শেকড়ের টানে সবাই এক হয়ে যাই।’
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি বলেন, প্রকৃতিগতভাবেই বাংলার লোকসংগীত যথেষ্ট সমৃদ্ধ। তাই দেশ ও দেশের বাইরে লোকসংগীতকে ছড়িয়ে দেয়া এবং বাংলার তৃণমূল পর্যায় থেকে শেকড়ের শিল্পীদের তুলে আনার এক যুগান্তকারী সংযোজন ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’।
উৎসবে অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, লোকসংগীত- মানুষ, মাটি ও প্রকৃতির গভীর থেকে অন্তরের শুদ্ধ সুর তুলে আনে এবং এর চর্চা ও প্রসারের মধ্যদিয়েই আধুনিক ও উন্নত সাংস্কৃতিক সমৃদ্ধির বাংলাদেশ গড়া সম্ভব।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’ এর জন্য আমরা প্রতি বছরই অপেক্ষা করে থাকি এবং অনুষ্ঠানের তিনদিন আনন্দের সাথে সবাই শেকড়ের সুরে মিশে যাই। বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক বাংলার লোকসংগীত।
উৎসবের প্রথম দিনের পরিবেশনায় অংশ নেন বাংলাদেশ থেকে নৃত্যদল ‘ভাবনা’, বাউলশিল্পী আব্দুল হাই দেওয়ান। এছাড়া বিদেশি শিল্পীদের মধ্যে- পোল্যান্ড থেকে আগত‘ডিস্ক অফ দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড জয়ী বলকান এবং জিপসী ঘরানার ব্যান্ড দিকান্দা। ভারত থেকে পাটিয়ালা ধাঁচের সুফী গানে অনুপ্রাণিত ওয়াদালি ব্রাদার্স ও কলকাতার জনপ্রিয় শিল্পী সাত্যকি ব্যানার্জি সুর-তালে মুগ্ধ করেন।
উৎসবের দ্বিতীয় দিনের আয়োজন

এই আয়োজনের দ্বিতীয় দিনের (১৬ নভেম্বর) পরিবেশনায় অংশ নেবে ভারতের লোকসংগীত ঘরানার জনপ্রিয় নাম দ্য রঘু দীক্ষিত প্রজেক্ট, যুক্তরাষ্ট্রের ব্যান্ড ‘লস টেক্সম্যানিয়াকস’, বাংলাদেশের ব্যান্ড ‘স্বরব্যাঞ্জো, বাহরাইনের ব্যান্ড ‘মাজাজ’এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ।
পিআর/ এমকে




