
ভারতের পুলওয়ামা জঙ্গি হামলা কিংবা উইং কমান্ডার অভিনন্দনকে পাকিস্তানে আটকে রাখার মতো কোনও অবস্থাতে ভারত-পাকিস্তান যুদ্ধকে সমর্থন করেন না ভারতীয় গায়ক সোনু নিগম। যুদ্ধ হলে দেশের সাধারণ মানুষ বেশি বিপদে থাকবেন বলে জানান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যমকে এসব বলেছেন জনপ্রিয় এই শিল্পী। তিনি বলেন, পাকিস্তানের আচরণের জন্য কঠোর পদক্ষেপ নেয়া হোক, কিন্তু তাই বলে যুদ্ধ নয়। তার মতে গোটা ভারতবাসী তো আর সৈনিক নয়, তাই যুদ্ধ হলে দেশের সাধারণ মানুষ বেশি বিপদে পড়বেন।
ভারতীয়দের কাছে সোনু অনুরোধ করে বলেন, বুদ্ধি ও বিবেচনার সঙ্গে সিদ্ধান্ত নিন, অকারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানিদের আক্রমণ করে কোনও লাভ নেই। কোনও মন্তব্য করার ও পদক্ষেপ গ্রহণ করার আগে বিবেচনা করে কাজ করুন। প্রভাবিত হয়ে বিতর্কে জড়ানো বুদ্ধিমানের কাজ নয় বলে মন্তব্য করেন এই গায়ক। পাকিস্তানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে হলে বুদ্ধিমত্তার সঙ্গেই নেয়া উচিত বলে মনে করেন তিনি।
পাকিস্তানী শিল্পীদের নিয়ে সোনু বলেন, একটা মৃত্যুর বদলে আরেকটা মৃত্যু কোনও সমাধান নয়। তবে এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি তাতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে দেয়ার পক্ষে মতামত দেন তিনি।
ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলা প্রসঙ্গে সোনু বলেন, প্রয়োজনে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বন্ধ রাখার কথা বলেন তিনি।
এছাড়া উইং কমান্ডার অভিনন্দনকে দেশে ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত জানান সোনু। এটা একটা ভালো পদক্ষেপ বলেও জানান তিনি।
জিএ/এম




