
মাস ছয়েক আগে ধ্রুব মিউজিক কটেজে প্রকাশিত হয় ইমন খানের ‘ভুল মানুষের ঘর গানটি। প্রকাশের পরপরই শ্রোতারা ফিরে পান সেই ইমন খানকে। যে ইমন খান ‘আজো প্রতিরাত’দিয়ে ঝড় তুলেছিলেন শ্রোতাদের হৃদয়ে। ‘ভুল মানুষের ঘর’ গানটির ব্যাপক সাফল্যের পর এবার ধ্রুব মিউজিক কটেজে আসছে ইমন খানের নতুন গান ‘হইলো না মন বান্ধা’।
রিপন মাহমুদের কথায় গানটির সুর করেছেন ইমন খান নিজেই। আর সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। ভিডিও প্রডাকশন ব্ল্যাককেট স্টুডিও'র। গানটির ভিডিওতে মডেল হিসেবে আছেন আদর আহমেদ এবং সাফিসা নুপুর। থাকছেন ইমন খানও।
গানটি নিয়ে ইমন খান বললেন- ‘গানের জগতে আমার শুরুটা হয়েছে স্কুল জীবনে। যখন ক্লাস ফোর-ফাইভে পড়ি তখন থেকেই। আমার এলাকার শহীদ বীরেন স্মৃতি সঙ্গীত নিকেতনে শ্রী বিমল চন্দ্র দাস স্যারের কাছ থেকে প্রথম আমার গানের হাতেখড়ি। তার কাছ থেকেই গান-বাজনা বিশেষ করে হারমোনিয়াম বাজানো শিখেছি। আর আমি গান করি মানুষের জন্য। গান মানুষকে হাসায়-কাঁদায়, আনন্দ দেয়, নতুন স্বপ্ন বুনতেও অনুপ্রাণিত করে। সাধ্যের সবটুকু সামর্থ্য দিয়ে গানটি করার চেষ্টা করেছি। কতটা পেরেছি তা শ্রোতারাই বলবেন। তবে আমার বিশ্বাস শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

আগামী ৬ মার্চ বুধবার ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’-এ ‘হইলো না মন বান্ধা’ গানটির ভিডিও অবমুক্ত হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
জিএ/এম




