
বহুদিন ধরেই শোনা যাচ্ছিল রানী মুখার্জি নতুন ছবির শুটিং শুরু করবেন। অবশেষে সেই ছবির শুটিং-এ অংশ নিলেন রানী। নাম ‘মর্দানি-২’।
রানী অভিনীত ‘মর্দানি’ ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। বক্স অফিসে প্রদীপ সরকার পরিচালিত ছবিটি বেশ সাড়া ফেলেছিল। ওই ছবিতে সিনিয়র পুলিশ কর্মকর্তার ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছিলেন এক সময়ের সাড়া জাগানো এই বলিউড অভিনেত্রী।
গল্পে নারী পাচারকারীদের সঙ্গে লড়াই করে নিষিদ্ধপল্লী থেকে বহু মহিলাকে উদ্ধার করতে দেখা যায় রানীকে। ভারতীয় গণমাধ্যমের খবর, মর্দানির সিক্যুয়ালেও রানীকে সেই পুলিশ কর্মকর্তার ভূমিকাতেই দেখা যাবে।
তবে ছবির সিক্যুয়ালে পরিচালকের পরিবর্তন এসেছে। এবার ছবিটি পরিচালনা করছেন গোপী পুথরান। প্রযোজনায় রয়েছে যশ রাজ ফিল্মস। এরইমধ্যে ‘মর্দানি-২’ ছবির প্রথম দর্শন বা ফাস্ট লুক প্রকাশ হয়েছে। ছবিতে রানীকে সাদা শার্ট ও কালো ট্রাউজারে দেখা গেছে।
এর আগে মর্দানি-২ এর চিত্রনাট্যের প্রশংসা করে যশরাজ ফিল্মসের তরফে বিবৃতি দিয়েছিলেন রানী। জানিয়েছিলেন চিত্রনাট্য তার বেশ পছন্দ হয়েছে।
মা হওয়ার পর বিরতি ভেঙে ‘হিচকি’ ছবিতে অভিনয় করেন রানী। ছবিতে রানীর অভিনয় প্রতিভায় ব্যবসা সফলতা পায় ছবিটি।
এম/জেবি




