
জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি ভক্তদের ফোনকলের অপেক্ষায় রয়েছেন। আগামী ৩০ মার্চ পপির ভক্তরা প্রিয় তারকার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন।
এদিন রাত আটটায় একটি বিশেষ নাম্বারে ফোন করে ভক্তরা প্রিয় নায়িকাকে যেকোনো প্রশ্ন করতে পারবেন। জানাতে পারবেন নিজেদের অনুভূতির কথাও।
প্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি ও লাইভ এন্টারটেইনমেন্ট। এবার ২২২৮৮ নম্বরে ফোন করে জনপ্রিয় অভিনেত্রী পপির সঙ্গে কথা বলার সুযোগ থাকছে।
পপি বললেন, আমার সঙ্গে আড্ডা দিতে আপনারা প্রস্তুত আছেন তো? আমি থাকছি আপনাদের ফোনের অপেক্ষায়। ৩০ মার্চ ঠিক রাত আটটায় আমি থাকছি রবি স্টার জোন সার্ভিসে, থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে।
১৯৯৭ সালে ‘কুলি’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে আবির্ভাব পপির। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় নায়ক ওমর সানী। শুরুতেই বাজিমাত। সেসময় ছবিটি ব্যবসা সফল হয়। আর এই ছবির মাধ্যমে কপাল খুলে যায় পপির।
এরপর ১৯৯৮ সালে নায়ক রিয়াজের বিপরীতে ‘বিদ্রোহ চারিদিকে’, ১৯৯৯ সালে মান্নার বিপরীতে ‘কে আমার বাবা’ ও ‘লাল বাদশা’, ‘গার্মেন্টস কন্যা’সহ বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন।
শুধু ব্যবসা সফল ছবিই নয় ‘কারাগার’ (২০০৩), ‘মেঘের কোলে রোদ’ (২০০৮) ও ‘গঙ্গাযাত্রা’ (২০০৯) এই তিনটি চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
এম/জেবি




