
চলচ্চিত্র অনুদান কমিটির মতামত মূল্যায়ন না করে ছবির অনুদান দেয়া হচ্ছে উল্লেখ করে অনুদান কমিটির চার জ্যেষ্ঠ সদস্য অনুদান কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (১ মে) তথ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। তথ্য মন্ত্রণালয় বলছে, সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে অনুদানের ছবি বাছাই করা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই।
গত ২৮ এপ্রিল চলচ্চিত্র অনুদান কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বরাবর পদত্যাগপত্র জমা দেন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিকব্যক্তিত্ব মামুনুর রশীদ, খ্যাতিমান নির্মাতা ও সাংস্কৃতিকব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম ও ড. মতিন রহমান। অনুদান কমিটির মতামত মূল্যায়ন না করে ছবির অনুদান দেয়া হচ্ছে উল্লেখ করেন তারা। মূলত পদত্যাগপত্রের জবাবে মন্ত্রণালয়ের থেকে এ বিজ্ঞপ্তি দেয়া হয়।
তথ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা হলো- ‘২০১৮-১৯ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে ৮টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান দেয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে দেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তী সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রখ্যাত অভিনয়শিল্পী ড. ইনামুল হকের ‘১৯৭১ : সেইসব দিন’-এ দুটি চলচ্চিত্রের বিষয়ে ১১ সদস্যের অনুদান কমিটির ৪ জন অজ্ঞাত কারণে অসম্মতি প্রকাশ করেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং চলচ্চিত্র অঙ্গনে দেশবরেণ্য চলচ্চিত্রব্যক্তিত্বদের অবদান রাখার সুযোগ দেয়ার লক্ষ্যে কমিটির সর্বসম্মতিক্রমে সুপারিশকৃত সবকটি চলচ্চিত্রের সাথে উল্লিখিত দু’টি চলচ্চিত্রকেও অনুদানের আওতায় আনা হয়, যার সাথে অনুদান কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যবৃন্দ সহমত পোষণ করেন। এ বিষয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই।
জিএ/পি




